নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. মাহমুদুল ইসলাম সাগর।
শুক্রবার (০৪ ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সভায় তিনি নিজের নির্বাচনি পরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
মাহমুদুল ইসলাম সাগর বলেন, ‘অতীতের জনপ্রতিনিধিরা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। সাধারণ মানুষের সঙ্গে দেখা করাই ছিল কঠিন। ঝালকাঠি ও নলছিটির মানুষের বহু দিনের দাবি, সংযোগ সেতু নির্মাণ করা হবে আমার প্রথম কাজ। এই সেতু শুধু যাতায়াত সহজ করবে না, অর্থনীতি ও সামাজিক জীবনকেও গতিশীল করবে।’
এ সময় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা কর্মসূচি নেওয়ার অঙ্গীকারও করেন তিনি। জাকাতব্যবস্থাকে পরিবর্তন করে স্বাবলম্বী সমাজ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘দুই-চার হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না। একটি ভোট পাঁচ বছরের ভাগ্য নির্ধারণ করে।’ তিনি দাবি করেন, ‘ঢাকায় বা বরিশালে তার কোনো বাড়ি নেই। নির্বাচিত হলে তিনি ঝালকাঠিতেই থেকে জনগণের পাশে থেকে কাজ করবেন।’
মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদ ঝালকাঠি সদর উপজেলা আহ্বায়ক মজিবুর রহমান, সদস্যসচিব মিলন মাহমুদ, ছাত্র-অধিকার পরিষদ ঝালকাঠি পৌর শাখার সভাপতি রিয়াদুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।