ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, কিন্ডারগার্টেন স্কুলগুলোকে মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয় করে তাদের জন্য সরকারিখাতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হবে। পাশাপাশি প্রায় ৫৫ হাজার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের এমপিওভুক্তকরণসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনকে তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং এমপিওভুক্তির বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয়ের শর্তাবলী উল্লেখ করে একটি সার্বিক প্রস্তাবনা তৈরি করে তার কাছে জমা দিতে অনুরোধ জানিয়েছেন।
আমিনুল হক জানান, এই প্রস্তাবনা নিয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদি আমীনের সঙ্গে আলোচনা করেছেন এবং তারেক রহমানের সঙ্গে কথা বলে কীভাবে এটি বাস্তবায়ন করা যায়, সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এর লক্ষ্য হলো প্রায় ৫৫ হাজার কিন্ডারগার্টেন স্কুল, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কাছে সরকারের সহযোগিতা পৌঁছে দেওয়া।
কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধনের জটিলতা কমানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, 'আমরা সহজ শর্তে কীভাবে আপনাদেরকে নিবন্ধন দেওয়া যায় বা কীভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় কিংবা মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে একটা যোগসূত্র তৈরি করা যায়- সেই বিষয়গুলো নিয়েও ইনশাআল্লাহ কাজ করব।'
দুঃখ প্রকাশ করে তিনি বলেন, 'কিন্ডারগার্টেন স্কুলগুলোর প্রতি সরকারিকভাবে কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না। তিনি বর্তমান সরকার কর্তৃক এই বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বন্ধ করে বৈষম্য সৃষ্টির অভিযোগ তোলেন। আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে, সরকার গঠন করলে, আপনারা আপনাদের প্রতিটি স্কুল থেকে সব ছাত্র-ছাত্রীরা আবারো বৃত্তি প্রদান করতে পারবেন এবং প্রত্যেকটি বৃত্তি পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডক্টর এল এম কামরুজ্জামান প্রমুখ।
শফিকুল ইসলাম/সুমন/