গোপালগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ বলেন, ‘টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া ইসলামের আবাসভূমি। এই গোপালগঞ্জে জন্মেছেন শামসুল হক ফরিদপুরী (র.)। এই টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হাত ধরে এ দেশের স্বাধীনতা এসেছে। কিন্তু স্বাধীনতার ৫৪ বছরেও মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা হয়নি। ভবিষ্যতে ৮-দলীয় ইসলামী জোট ক্ষমতায় আসবে। বাংলাদেশের সব খাত থেকে দুর্নীতি, ঘুষ, সুদ বন্ধ করা হবে।’
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া মার্কেট থেকে নির্বাচনি পদযাত্রা তিনি এসব কথা বলেন।
ইসলাম দেশ ও জাতির কল্যাণে মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনি পদযাত্রা করেছে দলটির কোটালীপাড়া শাখার নেতা-কর্মীরা। পদযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সহসভাপতি মো. ইয়াহিয়া মাহমুদ, কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি হাজি ফরিদ আহম্মেদ হাওলাদার, সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম শেখ, পৌর সভাপতি মো. ইব্রাহিম মোল্লা, সেক্রেটারি রোমান শেখ, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা জাকির হোসাইন, সেক্রেটারি মো. নুর ইসলাম খান উপস্থিত ছিলেন।