আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মাত্র দুই দিনের মাথায় আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন করায় চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মুচলেকা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এ জরিমানা আরোপ করেন এবং মুচলেকা নেন।
জানা গেছে, শনিবার বিকেলে নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম শহর থেকে নিজ সংসদীয় আসনে প্রবেশের সময় হাজার হাজার নেতা-কর্মী দোহাজারী এলাকা থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তার সঙ্গে যোগ দেন। পরে শোডাউনটি সাতকানিয়া হয়ে লোহাগাড়ায় পৌঁছায়। এ সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়।
এ ছাড়া শোডাউনের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. আয়ুব বলেন, ‘বিএনপির প্রার্থীর শোডাউনের ফলে কয়েকটি এলাকায় যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি তাঁদের কিছু নেতা-কর্মী বিভিন্ন স্থানে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেন, যার ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন।’
এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন খবরের কাগজকে বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক প্রার্থীকে জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে। যে প্রার্থীই আচরণবিধি লঙ্ঘন করবেন, তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান খবরের কাগজকে বলেন, ‘প্রার্থীকে লোহাগাড়ায় জরিমানা করা হয়েছে। তিনি সাতকানিয়া হয়ে লোহাগাড়ার দিকে যাচ্ছিলেন। তবে তার গাড়িবহর সাতকানিয়ার কোনো এলাকায় থামেনি।’
আরিফুল ইসলাম/রিফাত