জামালপুরে পুলিশের ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জামালপুরের সাত উপজেলায় পুলিশের এই বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জামালপুর সদর থানায় ৬ জন, মাদারগঞ্জ মডেল থানায় ৫ জন, মেলান্দহ থানায় ২ জন, ইসলামপুর থানায় ২ জন, দেওয়ানগঞ্জ মডেল থানায় ১ জন ও সরিষাবাড়ী থানায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক নূরে আলম সীমান্ত (২৫), সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাঈম (২৫), জামালপুর পৌর শ্রমিক লীগ ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ তুহিন (৩৬), বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমীন (৪০), জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্মবিষয়ক সম্পাদক লিটন হোসেন (৩৬), ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান হালিম (৪১), সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আওয়াল (৪২), মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক টিপু সুলতান (৫৮), মেলান্দহ পৌর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সভাপতি শাহ আলী (৬০), মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নান্নু পারভেজ (৩৬) ও মীর রাইসুল ইসলাম রাসেল (৪২), বালিজুড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রকিবুল হাসান (৩৫), একই ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক (৫৫), আদারভিটা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৫৫), ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোনাহার সরকার (৩৬), কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম হাসমত (৫২) ও দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম (৬১)।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরাপদ, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার জন্য অভিযান শুরু করেছে পুলিশ। যারা নির্বাচনি পরিবেশ অস্থিতিশীল ও রাজনৈতিক পরিবেশ অশান্ত করতে পারে তাদের বিরুদ্ধে জেলা পুলিশ গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে। জুলাই গণ-অভ্যুত্থানে নাশকতার মামলা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আসিফ/এসজি/