বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের ১০টি রুটে বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি।
আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই বিশেষ ট্রেন পরিচালিত হবে। তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির নেতাকর্মীরা এই ট্রেনে করে ঢাকায় আসবেন। ফিরতি যাত্রায়ও রেলওয়ের এই বিশেষ পরিষেবা পাবেন তারা।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
রেলওয়ের বার্তা জানানো হয়েছে, তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের বিশেষ ট্রেন বা অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করেছিল বিএনপি। এর পরিপ্রেক্ষিতে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য ১০টি রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে।
এ রুটগুলো হল-কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর,টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং যশোর-ঢাকা-যশোর।
এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করবে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার স্বল্প দূরত্বের ট্রেন রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার ট্রেনের (রোহনপুর-রাজশাহী) ট্রেনের যাত্রা বাতি করা হয়েছে।
বার্তায় বলা হয়েছে, বিএনপি নেতাকর্মীদের জন্য ট্রেন ভাড়া দিয়ে অন্তত ৩৬ লাখ টাকা আয় করছে রেলওয়ে।
জয়ন্ত/মাহফুজ