গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি ও দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করার ধারা অব্যাহত রয়েছে এবং এরই ধারাবাহিকতায় আরও ২৭ নেতাকর্মী পদত্যাগ করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে ও সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া প্রেসক্লাবে ও মুকসুদপুর উপজেলার মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করে ওই নেতারা পদত্যাগ করেন।
পদত্যাগকারী নেতারা হলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী আশরাফুল ইসলাম টিটো, ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুস সাত্তার শেখ, সহ-সভাপতি মো. ইলিয়াস শেখ (ইলি), যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম।
মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. কাবুল শেখ, শ্রম বিষয়ক সম্পাদক ইদ্রিস শেখ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. হাফিজুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বিকাশ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পটু লস্কর, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মোল্লা, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান চুন্নু, সাধারণ সম্পাদক নাসির শেখ, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দীন খন্দকার আলো, সদস্য, খন্দকার ইমাম হোসেন ও নিরোদ বিশ্বাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজাদ শেখ ও সদস্য রাসেল শেখ আদাড়ি।
খান্দারপাড়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মন্টু চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ মো. ইমারত শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন শেখ, সহ-সভাপতি বৃন্দাবন বিশ্বাস, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল শেখ, শ্রমিক লীগের সহ-সভাপতি মো. ইমারত খোন্দকার। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন রাকিব, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার ফকির ও সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার বিকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী আশরাফুল ইসলাম টিটো। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘আমি কখনো জীবনে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। আমি ঢাকায় ব্যবসা করি। বর্তমানে আমি জানতে পারি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক পদ দেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক সমস্যার কারণে কখনো রাজনীতি করা হয়নি। আমার মাও খুবই অসুস্থ। ফলে আমার পক্ষে রাজনীতি করা বা কোনো সংগঠনের সঙ্গে থাকা সম্ভব নয়। ফলে আমি স্বেচ্ছাসয় পৌর আওয়ামী লীগের সদস্যপদসহ সকল পদ থেকে পদত্যাগ করছি।’’
অপরদিকে, দুপুরে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন পৌর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুস সাত্তার শেখ ও মো. ইলিয়াস শেখ (ইলি) এবং যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম।
লিখিত বক্তব্যে পৌর আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুস সাত্তার শেখ বলেন, ব্যক্তিগত কারণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করছি।
সহ-সভাপতি মো. ইলিয়াস শেখ বলেন, আমরা কখনো রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলাম না। আমাদেরকে যে কমিটিতে রাখা হয়েছিল, তা আমাদের জানা ছিল না। তাই আমরা স্বেচ্ছায় পদত্যাগ করছি।
যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম বলেন, আমি নিজেই জানিনা যে যুবলীগে আমাকে কোনো কমিটিতে সদস্য করা হয়েছে। তারপরেও আমি রাজনীতি করতে চাই না। তাই উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে টুঙ্গীপাড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে যুবলীগের সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
অপরদিকে, সকালে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন মুকসুদপু উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী। ১৪ জনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে খন্দকার ইমাম হোসেন জানান, মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে আমরা দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই।
অন্যদিকে, সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আরও ৯ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। ৯ জনের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. বিল্লাল শরীফ। এসময় তিনি বলেন, মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই।
বাদল/মাহফুজ