ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেটের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার পর্যন্ত এসব আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র বিতরণ সংক্রান্ত এ তথ্য নিশ্চিত করেছে।
সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে পাঁচটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট-২ আসনে ছয়টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে দুইজন বিএনপি প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের দুজন প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ ও গণফোরামের একজন করে প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
সিলেট-৩ আসনে আটটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে দুইজন স্বতন্ত্র প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি, জাতীয় পার্টি (জিএম কাদের), বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট-৪ আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও গণঅধিকার পরিষদের একজন করে প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
সিলেট-৫ আসনে পাঁচটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম, স্বতন্ত্র, বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন করে প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
সিলেট-৬ আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে দুইজন বিএনপি প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদের একজন করে প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, গোপনীয় শাখা, মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীব এই তথ্য নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, ‘সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এখন পর্যন্ত ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’
এসজি/