ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সংগঠক মোজাম্মেল হক সাগরের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ জন নেতা-কর্মী ছাত্রদলে যোগদান করেছেন।
রবিবার (৪ জানুয়ারি) রাতে পৌর শহরের ডাকবাংলা সংলগ্ন উপজেলা ছাত্রদলের অস্থায়ী অফিসে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহম্মেদ ও সদস্যসচিব হারুন অর রশিদ ওই ১০ নেতা-কর্মীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
ছাত্রদলে আনুষ্ঠানিক যোগদানের পর ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সঙ্গেও তারা সৌজন্য সাক্ষাৎ করেন। মাজেদ বাবু তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানান এবং দল, দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে ছাত্রদলে যোগদান করা নেতা-কর্মীরা হলেন-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলার সংগঠক মোজাম্মেল হক সাগর, এবং বাকি সদস্যরা হলেন: আব্দুল কাদির মণ্ডল, নাঈম ইসলাম, নুর মোহাম্মদ, সাইম আহমেদ, আব্দুল কাইয়ুম মণ্ডল, রিয়াজুল ইসলাম, তারিকুল ইসলাম, সোহাগ মিয়া ও হৃদয় মিয়া।
ছাত্রদলে যোগদান করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সংগঠক মোজাম্মেল হক সাগর বলেন, 'আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির সংগঠক করা হয়। আমি আমার অনুসারীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলে যোগ দিলাম।'
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ জানান, 'তারা শহিদ জিয়ার আদর্শে উজ্জীবীত হয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন। এটা ইতিবাচক রাজনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।'
ফয়সল/রিফাত/