সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়ায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমকে শোকজ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের দায়িত্বপ্রাপ্ত ইলেক্টোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ (যুগ্ম জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম) নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ওই প্রধান শিক্ষককে শোকজ করেন।
এ বিষয়ে আগামী (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটে ইলেক্টোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয় সাতকানিয়া চৌকি আদালতে ওই প্রধান শিক্ষককে সশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে একই আসনের বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসহাব উদ্দিন সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করেছেন বলে শোকজ নোটিশে উল্লেখ করা হয়।
শোকজ নোটিশে বলা হয়, সম্প্রতি লোহাগাড়া উপজেলার দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ভাইবোনদের প্রথম ভোট আল্লাহর ওয়াস্তে দাঁড়িপাল্লার পক্ষে হোক’ লিখে পোস্ট দিয়ে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। তার এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচারিত হয়।
নোটিশে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই এ ধরনের নির্বাচনি বক্তব্য দেওয়া এবং নির্দিষ্ট প্রতীকে ভোট প্রার্থনা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ৩ ও ১৮ বিধি পরিপন্থি এবং নির্বাচনি আচরণ বিধির লঙ্ঘন।
আরিফুল ইসলাম/সুমন/