রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ লঙ্ঘনের অভিযোগে এই নোটিশ জারি করা হয়।
বিষয়টি সোমবার দুপুরে জানানো হয়েছে।
রাজশাহী-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান এবং রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) কামরুন নাহার এই আদেশ দেন।
নোটিশ সূত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি উঠান বৈঠকে প্রার্থী মো. মুজিবুর রহমানের উপস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয়। একই সঙ্গে প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। ওই বক্তব্য ও ভোট প্রার্থনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে।
অভিযোগের সঙ্গে সংযুক্ত ভিডিও ফুটেজে বক্তৃতায় বলা হয় ‘সবকিছু এদের কাছে নিরাপদ নয়। মুজিবুর রহমান একজন ভালো মানুষ। আগামীতে নিরাপত্তাপূর্ণ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের জন্য ন্যায়ের পক্ষে, আল-কুরআনের পক্ষে সবাই মিলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন।’
নির্বাচনি অনুসন্ধান কমিটির মতে, এ ধরনের বক্তব্য ও প্রকাশ্যে ভোট প্রার্থনা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা- ২০২৫-এর ১৫, ১৬ ও ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টিকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ হিসেবে উল্লেখ করে প্রার্থীকে কেন ব্যবস্থা গ্রহণের আওতায় আনা হবে না এ সংক্রান্ত লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।’
নোটিশে মঙ্গলবার (২০ জানুয়ারি ) বেলা সাড়ে ১১টায় প্রার্থীকে সশরীরে রাজশাহী যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের অনুলিপি জেলা প্রশাসক, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে গোদাগাড়ী মডেল থানাকে দ্রুত নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে।
রিফাত/