শুধুমাত্র দাড়ি রাখার অপরাধে শিবির সন্দেহে বিশ্বজিৎকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, খুনিদের দল হলো আওয়ামী লীগ। একইভাবে মেধাবী ছাত্র আবরার ফাহাদকেও নির্যাতন করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ড জাতির বিবেককে নাড়িয়েছিল। এ হত্যাকাণ্ডের দায় থেকে কেউ রেহাই পেতে পারবে না।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের উত্তর ব্রাহ্মনডাঙ্গা সেন্টার এলাকায় আয়োজিত নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৩৬ জুলাই ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে দেশ থেকে বিতাড়িত হয়েছে আওয়ামী লীগ। দেশ বিরোধী এই খুনির দল এখন ভারতে বসে বাংলাদেশ বিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করা জরুরি।’
ভোটারদের উদ্দেশ্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘আমি দীর্ঘদিন সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের সেবা করেছি, সুখে-দুঃখে আপনাদের সাথী হয়েছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে আবারও আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।’
পথসভায় উপস্থিত ছিলেন চরতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ হাশেম, চরতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিম, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলী, চিকিৎসক ইফতেখার চৌধুরী, জামায়াত নেতা মোরশেদুল আলম টিপু, চরতী ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মিজবাহ উদ্দিন এবং সাবেক ছাত্রনেতা ফোরকান উল্লাহসহ স্থানীয় নেতা-কর্মীরা।
আরিফুল/রিফাত/