আসন্ন নির্বাচনে যারা ক্ষমতায় থাকার জন্য বিদেশিদের তাবেদারি করে, হানাহানি করে তাদেরকে এবার প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে একটা পরিবর্তন করার সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে হবে।’
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরের পাশে আব্দুল আলীম খেলার মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি ঢাকা-৭ আসনে দলের প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানকে জনগণের কাছে পরিচয় করিয়ে দেন।
রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর হয়েছে। লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছিল। কথা ছিল, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু বিগত ৫৪ বছরের যারাই ক্ষমতায় এসেছে তাদের তারাই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান করেছে। হাজারো খুন-গুমে হাহাকার সৃষ্টি হয়েছে। টাকা পাচার করেছে। তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না।’
চরমোনাই পীর বলেন, ‘আমাদের রাজনীতি মানুষের কল্যাণ, দেশ ও জাতির জন্য। রাজনৈতিক প্রলোভন এড়িয়ে আমরা নীতি ও আদর্শে অটল-অবিচল থেকে কাজ করে যাচ্ছি। ইসলামের জন্য একক ভোট বাক্স নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। যারা ইসলামকে ভালোবাসেন, যারা দেশের কল্যাণ চান, যারা চান বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক তারা হাতপাখা প্রতীকে ভোট দিন। কথা দিচ্ছি, হাতপাখা বিজয়ী হলে স্বাধীনতার প্রত্যাশা পূরণ হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে; ইনশাআল্লাহ।’
এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- দলের প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন,অধ্যাপক মাহবুবুর রহমান, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমাদ ও সহ-সভাপতি ইমরান হোসাইন নুর প্রমূখ।
শফিকুল/রিফাত/