ঘুষমুক্ত রাঙামাটি গড়ার ঘোষণা দিয়েছেন রাঙামাটি আসনের একমাত্র নারী প্রার্থী, ওয়ার্কার্স পার্টির মনোনীত জুঁই চাকমা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার ৬ষ্ঠ দিনে জেলার বিলাইছড়ি ও সদর উপজেলায় নির্বাচনি পথসভায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, নির্বাচিত হলে যুব সমাজ তথা জনগণকে সঙ্গে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়ব। এটা আমার প্রধান নির্বাচনি অঙ্গিকার এবং ভোটারদের কাছে প্রতিশ্রুতি।
এ সময় তিনি বিলাইছড়ি বাজারে, সদর উপজেলার জিবতলী ও মগবান ইউনিয়নে নির্বাচনি ইশতেহার বিতরণ, জনসংযোগ এবং বিলাইছড়ি বাজারে পথসভা করেন।
জুঁই চাকমা বলেন, বিলাইছড়ি উপজেলার সীমান্ত এলাকায় স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাপনা ভাল না। বিলাইছড়ির ভোটারগণ কোদাল মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে সবার আগে আমি বিলাইছড়ি উপজেলার স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব।
তিনি আরও বলেন,'ঐক্যবদ্ধ রাঙামাটি গড়তে হলে সবার আগে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। প্রাকৃতিক সম্পদে ভরা রাঙামাটি জেলা পিছিয়ে থাকার একমাত্র কারণ আমাদের মধ্যে ঐক্য নাই, কোনো কাজের সমন্বয় নাই। জেলার উন্নয়নের স্বার্থে এসব আর চলতে দেওয়া যায় না।
তিনি বলেন, আসুন দল, মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি। দেশ আমাদের একটাই, তাই উন্নয়নের একটি নীতি হওয়া উচিত। এখন থেকে রাঙামাটি জেলাবাসী তাদের প্রতি সব ধরনের বৈষম্য প্রতিহত করবেন। এক দেশে দুই-নীতি বন্ধের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
জুঁই চাকমা বলেন, আমরা জানতে পেরেছি আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবিসহ যৌথ বাহিনী মাঠে নামছেন। এটা ভাল দিক, এতে ভোটারদের মনে সাহস বাড়বে। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি তিনি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল চৌধুরী, সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ন সদস্য সচিব অপু বড়ুয়া, জুঁই চাকমার নির্বাচনি মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, নেনশন চাকমা, অরুনজিতা চাকমা, নিখিল চাকমা, পার্টির বিলাইছড়ি উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জিয়াউর রহমান/নাঈম