সূক্ষ্ম কারচুপির মাধ্যমে ২০০৮ সালে বিএনপির মতো একটি দলকে মাত্র ৩০টি আসন দিয়ে বিরোধী দল বানানোর যে ষড়যন্ত্র করা হয়েছিল, ঠিক একইভাবে আগামী নির্বাচনে তেমন চেষ্টা করছে একটি গোষ্ঠী এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ভূমি উপমন্ত্রী ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এমন কোনো ষড়যন্ত্র হলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।’
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় নির্বাচনি প্রচারণায় এসব কথা বলেন।
ওই সময় দুলু অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচন চায়। অথচ সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি রাজনৈতিক গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী ভূমিকা পালন করেছে তারা নতুন করে তৎপর হয়েছে। তারা আমাদের সুনিশ্চিত বিজয়কে ষড়যন্ত্র ও চক্রান্ত করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।’
তিনি দল-মত নির্বিশেষে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ওই ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল এবং পিপরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন শিকদার।
কামাল/রিফাত/