বাংলাদেশের গণমানুষের দল বিএনপি মনে করে, স্বাধীনতার পতাকা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শুরু হয়ে বর্তমানে জনগণের মাধ্যমে তারেক রহমানের হাতে পৌঁছেছে। এই পতাকাকে সমুন্নত রাখাই বিএনপির অঙ্গীকার বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রবিবার (১ ফেব্রুয়ারি) মাতামুহুরী সাংগঠনিক উপজেলার এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করেননি, তারা ধর্মের বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, একসময় যে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল, তা বারবার বিএনপির নেতৃত্বে ফিরে এসেছে। শহিদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।
তিনি জনগণকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের মালিকানা জনগণের হাতে রেখে দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে এগোতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানে মানুষ ভোর রাত পর্যন্ত অপেক্ষা করছে তাকে দেখার ও তার বক্তব্য শোনার জন্য। জনগণ তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখে।
তিনি বলেন, বিএনপির মানুষের কল্যাণে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। পরিবারের প্রধানের নামে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ড প্রদান করা হবে। এছাড়া পছন্দনীয় কৃষিপণ্য সংরক্ষণের জন্য উপজেলা পর্যায়ে গুদাম স্থাপনের কথাও জানান।
তিনি আরও বলেন, কৃষককে শক্তিশালী করতে হবে। শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, তেমনি কৃষক হলো অর্থনীতির মেরুদণ্ড। এ সময় তিনি কৃষি, স্বাস্থ্য ও ফ্যামিলি কার্ডের নমুনা প্রদর্শন করেন।
আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে শিক্ষিত যুবসমাজ সহজেই কর্মসংস্থানের সুযোগ পায় বলে যোগ করেন তিনি।
রকিবুল হাসান/ এসএন