ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধের প্রচার-প্রচারণায় ব্যস্ত চার সংসদ সদস্য প্রার্থী। ভোটের মাঠে তারা প্রচার প্রচারণায় থাকলেও ভোটারদের সমীকরণ, শেষ মুহুর্তে ভোটের লড়াই হতে পারে ধানের শীষের লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও হাতপাখার প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল কবীর শাহীনের মধ্যে।
উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ময়মনসিংহ-৮ আসন। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৬৪৩ জন, পুরুষ ১ লাখ ৭৭ হাজার ৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯২টি।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তাপ বাড়ছে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ইস্যুতে সরগরম দুই প্রার্থীর সমর্থকরা। ধারণা করা হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ধানের শীষ ও হাতপাখার মধ্যে।
নির্বাচনের মাঠে ভোটারদের নানান প্রতিশ্রুতির পাশাপাশি মন যোগাতে প্রার্থী, স্বজন ও কর্মীরা দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচনি প্রচার প্রচারণায় মাইকিংয়ের পাশাপাশি, ফেস্টুন, ব্যানারে চলছে প্রতিযোগিতা। তবে পোস্টার না থাকায় নির্বাচনি আমেজে কিছুটা ভাটা পরিলক্ষিত হচ্ছে।
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি নির্বাচিত হলে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগে ব্যাপক উন্নয়নসহ মাদক, দুর্নীতি ও ক্যাসিনোমুক্ত উপজেলা বিনির্মাণে জনগণকে আশ্বস্ত করছেন।
এ ছাড়াও মাজেদ বাবু অসংখ্য ক্যান্সার আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।
অপরদিকে বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন শাহ্ নূরুল কবীর শাহীন। সাবেক এই সংসদ সদস্য সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও শোষনমুক্ত সমাজ বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়ে বিজয় নিশ্চিতে মরিয়া হয়ে লেগেছেন। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাকেই নির্বাচিত করবে করবেন বলে আশাবাদী তিনি।
১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল ছাতা প্রতীক নিয়ে বিজয়ী হতে প্রচারণা করছেন। তার সঙ্গে মাঠে রয়েছেন জামায়াতসহ এলডিপির নেতা-কর্মীরা।
আওরঙ্গজেব বেলাল বলেন, এই উপজেলাকে আধুনিক,সমৃদ্ধ ও উন্নত শিক্ষাব্যবস্থায় রূপান্তরিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তিন বারের সাবেক সংসদ সদস্য ফখরুল ইমাম লাঙ্গল প্রতীক নিয়ে নেতা-কর্মীদের নিয়ে ছুটছেন গ্রাম থেকে গ্রামান্তরে। তবে, ভোটের মাঠে ভোটারদের তেমন সাড়া পাচ্ছেন না। তিনি এমপি থাকাকালীন মানুষের সঙ্গে দুরত্ব বজায় রাখায় এক ধরণের ক্ষোভ রয়েছে। দলীয় লোকজন ছাড়া তাকে তেমনভাবে কেউ গ্রহণ করছেন না বলে জানা গেছে।
ফখরুল ইমাম জানান, আমার সময়ে রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদরাসার ব্যাপক উন্নয়ন হয়েছে।
ফয়সল আহমেদ/অমিয়/