বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বারকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চারজন সহকারি প্রিজাইডিং অফিসারকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারির বসত ঘরে আটক করেছে স্থানীয় জনতা।
স্থানীয় বাসিন্দা ও ধানের শীষ মার্কার সমর্থক মো. শিপন, আবদুস সালামসহ একাধিক ব্যক্তি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. রাসেদ বেপারীর ঘরে গোপন বৈঠক চলাকালে বারকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চারজন সহকারি প্রিজাইডিং অফিসার, জামায়াত নেতা রাসেদ বেপারী, ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতি ফারুক হাওলাদার এবং বারকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ও নৈশ প্রহরী সোহেল বেপারীকে আটক করা হয়।
স্থানীয়রা আরও জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে বিষয়টি সেনাবাহিনীর সদস্যদের অবহিত করলে তারা ঘটনাস্থলে পৌঁছে আটক সাতজনের মধ্যে চারজন সহকারি প্রিজাইডিং অফিসারকে তাদের জিম্মায় নিয়ে গেছেন। অন্য তিনজনকে মুক্তি দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ধানের শীষ মার্কার সমর্থকরা অভিযোগ করেছেন, নির্বাচন প্রক্রিয়ায় পরিকল্পিতভাবে অসদুপায় অবলম্বন করার উদ্দেশ্যে ওই চারজন সহকারি প্রিজাইডিং অফিসারকে জামায়াত নেতার বসত ঘরে গোপন বৈঠকে রাখা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে আটক চারজন সহকারি প্রিজাইডিং অফিসারের নাম ও পরিচয় জানা যায়নি।
আটকদের দেওয়া তথ্য অনুযায়ী, তারা পূর্ব পরিচয়ের সূত্রে রাত্রিযাপনের জন্য রাসেদ বেপারীর ঘরে এসেছিলেন। তবে জাতীয় পার্টির সহসভাপতি ফারুক হাওলাদারের উপস্থিতি বিষয়ে তারা কোন সদূত্তর দিতে পারেননি।
সূত্রে জানা যায়, কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া কেন্দ্র থেকে বের না হওয়ার নিয়ম রয়েছে। অভিযুক্তরা সেই নিয়ম ভঙ্গ করেছে। একই অভিযোগে, একইদিন রাতে পাশ্ববর্তী বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলার দুইজন সহকারি প্রিজাইডিং অফিসারকে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো. আলী সুজা বহিস্কার করেছেন।
সবুজ/রিফাত/