শোষণ-বৈষম্য-দুর্নীতিমুক্ত, সমতাভিত্তিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সমাজতন্ত্রের লড়াইয়ে অবিচল সংগ্রাম পরিচালনার অঙ্গীকার করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।
শুক্রবার (৬ মার্চ) সিপিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় পুরানা পল্টনের মুক্তিভবনের সামনে সিপিবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার সভাপতিত্ব করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
কাজি সাজ্জাদ জহির চন্দন বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, জুলাই গণ-অভ্যুত্থান, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধের আন্দোলনসহ অতীতের সব আন্দোলন-সংগ্রামে সিপিবি অনন্য ভূমিকা পালন করেছে। আগামীতেও বাংলাদেশে গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক সংগ্রাম এবং শোষণ মুক্তি ও সমাজতন্ত্র অভিমুখী লড়াইয়ে সিপিবি নিবেদিত থাকবে।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর, সিপিবি ঢাকা জেলার সভাপতি সুকান্ত শফি চৌধুরী কমল এবং সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাইফুল ইসলাম সমীর। আলোচনা সভা পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তার।
সিপিবি নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো অন্যায্য বাণিজ্য চুক্তির বিরোধিতা করে বলেন, এসব চুক্তি বাংলাদেশের কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থবিরোধী। দেশের বন্দর বা করিডোর বিদেশি স্বার্থে ব্যবহারের চেষ্টা করা হলে কমিউনিস্টরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।
জয়ন্ত সাহা/নাঈম