চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন মাস্টারপুল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদলকর্মী মিনহাজ উদ্দিনের হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় সবুজ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে নগরের বলুয়ার দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মিনহাজ উদ্দিন স্থানীয় মাস্টারপুল এলাকার বাসিন্দা।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চালিয়ে আসছিল র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম র্যাব-৭ ও সিলেটের র্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ইমামপাড়া এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করা হয়।’
জানা গেছে, মিনহাজ উদ্দিন স্থানীয় মাস্টারপুল এলাকার বাসিন্দা এবং ওই এলাকার জাকির গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত। গত ৬ এপ্রিল দুপুরে নগরের বলুয়ার দিঘীরপাড় এলাকা থেকে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে মিনহাজের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার একটি হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
মিনহাজের ওপর হামলার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নগরের দক্ষিণ বাকলিয়ার বউবাজার আহমদুর রহমান সড়কের মসজিদসংলগ্ন এলাকায় পাল্টা হামলা চালায় তার অনুসারীরা। এ সময় আরমান প্রকাশ এঞ্জেলের ওপর হামলা চালানো হয় এবং তার বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়।
আহত আরমান নগরের বউবাজার এলাকার বাসিন্দা। তিনি সবুজ গ্রুপের অনুসারী।
এ ঘটনায় মিনহাজের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
রিফাত