ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে নিজেই দাঁড়াতে চাননি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
তিনি বলেন, প্রথমেই জানাতে চাই, আমি কখনোই সংরক্ষিত আসনের মনোনয়ন চাইনি। তবে আমাকে এই প্রস্তাব দেওয়ার জন্য দলের মহাসচিবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে, আমার নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে, তা থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এ ধরনের তথ্য আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজকে ক্ষুণ্ণ করছে, যা অনভিপ্রেত।
সোমবার (২০ এপ্রিল) রাতে গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
সংরক্ষিত আসনে মনোনয়ন ঘিরে বিভিন্ন গনমাধ্যমে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দেন আফরোজা আব্বাস।
মহিলা দলের সভাপতি বলেন, আমি মির্জা আব্বাস-এর স্ত্রী এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয়টি দিতেই আমি স্বাচ্ছন্দ বোধ করি। বর্তমানে আমি আমার ব্যক্তিগত জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি। আমার স্বামীর অসুস্থতার কারণে আমি গভীর মানসিক অস্থিরতার ও ট্রামার মধ্য দিয়ে যাচ্ছি। এই বাস্তবতায় আমার বর্তমান একমাত্র অগ্রাধিকার হচ্ছে তার সুস্থতা নিশ্চিত করা।
নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের সফলতা কামনা করে তিনি বলেন, যারা এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, তারা যেন সফলকাম হন এবং নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ভূমিকা পালন করেন। যারা সাহস করে সামনে এসেছেন, তারা পরিবর্তনের প্রতীক। আর যারা মনোনয়ন লাভ করেননি, তাদের প্রতি অনুরোধ- হতাশ হবেন না; আপনাদের সময় সামনে অপেক্ষা করছে।
আফরোজা আব্বাস বলেন, যারা মনোনয়ন পেয়েছেন, তাদের প্রতি আমাদের অগাধ প্রত্যাশা রইল। মনে রাখতে হবে, আপনাদের প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে হাজারো কিশোরী ও নারী- তাদের নিরাপত্তা, শিক্ষা ও স্বপ্ন এখন আপনাদের অগ্রাধিকার ও দায়িত্ব। দলমত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রতিটি নারীর জন্য সমান অধিকার, ন্যায়বিচার এবং ভয়হীন জীবনের নিশ্চয়তা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, আজ আমার ব্যক্তিগত কষ্ট আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এটুকু বলতে চাই কষ্টের মধ্য দিয়েই আমি বিশ্বাস করি- নারীর শক্তি কখনো থামে না, থামানো যায় না। ভবিষ্যতেও থামবে না।
শফিকুল ইসলাম/অমিয়/