সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানোর অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করা হলে আন্দোলনে নামার হুঁশিয়ারী দিয়েছে ছাত্রদল।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর ভবনে উপাচার্য কার্যালয়ে এসে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সেই স্মারকলিপি গ্রহণ করেন।
ওই স্মারকলিপিতে বেশ কয়েকটি ফেসবুক ভিত্তিক পেজের মাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানো হয়, বলে অভিযোগ তোলা হয়। পেজগুলো হলো- DU Insider, ঢাবি কণ্ঠস্বর (বর্তমান নাম: Daily DUCSU), DU Observer (বর্তমান নাম: Voice of Gen Z)।
স্মারকলিপিতে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ফয়সাল উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রশ্নবিদ্ধ বিজয় একাত্তর হল সংসদের সহ-সভাপতি (ভিপি) হাসানুল বান্নাহ এবং ডাকসুর সাদিক কায়েমের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ জনসমক্ষে এসেছে, বলে দাবি করা হয়। এছাড়া ওই স্মারকলিপিতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি প্রয়োজনবোধে রাষ্ট্রীয় সংস্থাসমূহের সাথে সমন্বয় করে উপরোক্ত গুজব ও অপতথ্য প্রচারকারী ফেসবুক গ্রুপ ও পেজসমূহকে বন্ধের দাবি জানানো হয়।
পরে এক সংবাদ সম্মেলনে ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন, ‘শিবিরের গুপ্ত রাজনীতির কারণেই আজ ঢাবি ক্যাম্পাস উত্তপ্ত। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ভুয়া আইডির মাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে ধারাবাহিক প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করে না।’
সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, ‘আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করি। সরকারে যে-ই থাকুক না কেন, প্রশাসনের ভূমিকা হওয়া উচিত সবার জন্য সমান।’
আরিফ/রিফাত/