ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে পিবিআই ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) এবং ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরী (৩৯)।
পিবিআই জানায়, গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে আল আমিন শরীফ সিফাত নামে এক ব্যক্তির সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পিবিআইয়ের একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্তে মাঠে নামে তদন্তকারী দল।
তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জেলার গৌরীপুর থেকে ২৯ মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন শুক্রবার ভোরে উপজেলার পালামন্দার গ্রামে অভিযান চালিয়ে উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়াকে একটি নীল রঙের চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়।
এদিকে মোটরসাইকেলের রং পরিবর্তন এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে একই উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়াকেও গ্রেপ্তার করা হয়।
পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজনই মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
গ্রেপ্তার আশিক মিয়া উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জানিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কামরুজ্জামান/রিফাত/