বাংলাদেশের সার্বভৌমত্ব ও অধিকার অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি পর্যবেক্ষণ করে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বৃহস্পতিবার (২৮ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সকাল ৮টায় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন শহরের আনন্দবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক।
জামাতে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নানা শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন।
এমপি খালেদ বলেন, ‘প্রতিটা সরকারের একটা স্ট্রাটেজি থাকে। এটি হয়তোবা এই কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্রাটেজি ছিল। তবে যে চুক্তিগুলো করেছে- এটা দেশবাসী জানত না, আমরাও জানতাম না। এটা তারা কীভাবে কোন পরিপ্রেক্ষিতে করেছে তারাই ভালো বলতে পারবেন।’
তিনি বলেন, ‘আমরা একটা চুক্তি পেয়েছি। সেই চুক্তি নিয়ে আমরা কাজ করছি। আমরা চেষ্টা করব, এই চুক্তির মধ্যে যেটুকু পারি দেশের সার্বভৌমত্ব ও দেশের অধিকার অক্ষুণ্ন রেখে চুক্তিগুলো পর্যবেক্ষণ করে আগামী দিনে পদক্ষেপ নেওয়ার জন্য।’
ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন ঈদগাহ মাঠ ও মসজিদে প্রায় ১ হাজার ২০০ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
অমিয়/