এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফল উৎসব অনুষ্ঠানের মঞ্চ দুই দফায় প্রকাশ্যে ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
এ সময় হামলাকারীরা মঞ্চের সামনে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করেন এবং প্যান্ডেল খুলে ফেলেন। প্রতিবাদ করতে গিয়ে এনসিপির অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। তবে ছাত্রদল এ ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।
গত শুক্রবার রাতে এবং শনিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে রূপগঞ্জ উপজেলা এনসিপি ফল উৎসবের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর। ফল উৎসবকে ঘিরে শুক্রবার থেকে প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ চলছিল।
ওই দিন সন্ধ্যায় জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে নির্মাণাধীন মঞ্চ ও প্যান্ডেল ভেঙে ফেলা হয় বলে এনসিপি অভিযোগ করেছে। ওই ভাঙচুরের পর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফল উৎসব সফল করার লক্ষ্যে আবারও প্রস্তুতি নেন এনসিপির নেতা-কর্মীরা।
পরদিন শনিবার একদল হামলাকারী আবারও মঞ্চ এবং মঞ্চের সামনের চেয়ার টেবিল ভাঙচুর করেন। খুলে ফেলা হয় প্যান্ডেল।
ঘটনার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় এনসিপির রূপগঞ্জ উপজেলা যুগ্ম সদস্যসচিব ফারাবি হাসান, নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সদস্যসচিব ইউসুফ মোল্লা, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ এনসিপির অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে এনসিপি দাবি করেছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপস্থিত এনসিপির নেতা-কর্মীরা অভিযোগ করেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা ফল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন। পুলিশের সামনেই তারা হামলা ভাঙচুরের ঘটনা ঘটান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ বলেন, ‘আমি এসব ব্যাপারে কিছুই জানি না। আমার ব্যাপারে অপপ্রচার চালানো হচ্ছে।’
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা আমাদের দলের কেউ না।’
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সরকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এনসিপির ফল উৎসবকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।