ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় মিছিলকারীরা সরকার ও মানবতাবিরোধী ট্রাইব্যুনালবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
সোমবার (৮ জুন) ভোরে শহরের পায়রা চত্বর থেকে ছাত্রলীগ মিছিলটি বের করে।
‘শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের ট্রাইব্যুনাল, বন্ধ কর’ এবং ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই’ সংবলিত ব্যানারে ঝটিকা মিছিলটি বের হয়। মিছিলের সামনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান স্লোগান দিয়ে নেতৃত্ব দেন।
পরে সকালে মিছিলের একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা গেছে, নেতা-কর্মীরা মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা’ স্লোগান দিতে থাকে।
এ ছাড়া ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ এবং ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না, মানবো না’ এই স্লোগানও দেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জানা গেছে, ভোর ৫টার দিকে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি প্রায় ১০ মিনিট স্থায়ী ছিল। এরপর স্থানীয় লোকজন মিছিলের শব্দ শুনে এগিয়ে এলে ছাত্রলীগের নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
তবে এ বিষয়ে ছাত্রলীগ বা সংশ্লিষ্ট কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. বিল্লাল হোসেন বলেন, সোমবার ভোরের দিকে শহরের পায়রা চত্বরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল হয়েছে বলে খবর পেয়েছি। মিছিলের একাধিক ভিডিও আমাদের কাছে রয়েছে। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তের কাজ চলছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাহফুজুর রহমান/রিফাত/