আমাদের দেশে গার্মেন্টশ্রমিকরা যে মজুরি পায় তা যে যৎসামান্য, এবং তাদের শ্রমের ওপরই যে ওই শিল্পের বিশ্ববাজারটা টিকে রয়েছে, সে সত্যটা সাধারণত প্রকাশ পায় না। শ্রমিকরা দাবি করেছে, তাদের ন্যূনতম মজুরি হওয়া চাই মাসে ১৬ হাজার টাকা। এটা কোনো মামাবাড়ির আবদার নয়। ভারতে শ্রমিকদের দাবি, মজুরি দিতে হবে মাসে ১৮ হাজার রুপি; বাংলাদেশের হিসাবে সেটা দাঁড়ায় ২৬ হাজার টাকা। বাংলাদেশের নিরপেক্ষ অর্থনৈতিক গবেষকরাও হিসাব করে দেখিয়েছেন যে, শ্রমিকদের মানবোচিত জীবনধারণে কমপক্ষে ২৬ হাজারই দরকার, তার কমে চলে না। বাংলাদেশের শ্রমিকরা ২৬ হাজার চায়নি, চেয়েছিল ১৬ হাজার। তাদের দাবির সমর্থনে গার্মেন্টশ্রমিকদের সংগঠনগুলো একটি কনভেনশন করেছিল, তাতে সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নাগরিক সমাজেরও কেউ কেউ উপস্থিত ছিলেন। কনভেনশনের খবর তেমন একটা প্রচার পায়নি। প্রচার না পাওয়াটাই অবশ্য স্বাভাবিক। কারণ গার্মেন্টসশিল্পের মালিক, মিডিয়ার মালিক এবং রাষ্ট্রের মালিক সবাই এক ও অভিন্ন পক্ষ; তারা মালিকপক্ষ। পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়; একে অপরের মাসতুতো ভাই-ই, যথার্থরূপে। মালিকপক্ষের দাবি যে শিল্পটিকে তারা সন্তানের মতো লালনপালন করে থাকেন সেখানে বাগড়া দেয় শ্রমিকরা, আবার তার সঙ্গে এসে জুটেছে তথাকথিত নাগরিক সমাজের মাসিরা। এই মাসিদের নিশ্চয়ই মতলব আছে, হয়তো শিল্পের ধ্বংসই তারা চায়। বিদেশিদের এজেন্ট হওয়া বিচিত্র নয়। ‘মাসি’ কথাটা আমাদের বানানো নয়; ওই কনভেনশনের দুই দিন পরে মালিকপক্ষ একটি পাল্টা সভা করেছিল, এবং সেখানে তারা বলেছিল যে, তাদের অতিযত্নে প্রতিষ্ঠিত, আদরে লালিত-পালিত, প্রাণের চেয়েও প্রিয় শিল্প সম্পর্কে যারা কোনো জ্ঞানই রাখে না সেই মাসিরা এখন দরদ দেখাচ্ছে। হ্যাঁ, এটা তো ঠিকই যে, সাধারণ নাগরিকরা এবং শ্রমিকরাও, ওই শিল্পের আয়-ব্যয়ের ব্যাপারে অজ্ঞ; কিন্তু এটা তো সবাই জানে যে, ওই শিল্প থেকে যে বৈদেশিক মুদ্রা আয় হয় সেটাই দেশের উন্নতির প্রধান ভরসা; এবং বাংলাদেশের জামাকাপড়ের যে বিদেশি বাজারে ভালো চাহিদা রয়েছে তার কারণ বাংলাদেশের প্রতি বিদেশিদের ভালোবাসা নয়, কারণ হচ্ছে বাংলাদেশের সস্তা শ্রম। এত সস্তায় এমন শ্রম দুনিয়ার অন্য কোথাও পাওয়া যাবে না। আর এই শ্রমিকদের অধিকাংশই হচ্ছে নিরুপায় নারী, যারা কারখানায় আসে বেঁচে থাকার অন্য কোনো উপায় নেই বলেই। আর এই মেয়েরা যে কেবল দেশের কারখানাতেই যায় তা নয়, সৌদি আরবে পর্যন্ত চলে যায়, এমনই তারা দুঃসাহসী ও কর্মঠ। সৌদি আরবে তারা পবিত্র হজের জন্য যায় না, জীবিকার খোঁজে যায়। সেখানে গিয়ে কী ধরনের নির্যাতনের শিকার হয় তার বিবরণ তারা দিতে পারে না; ভাষার অভাবে এবং স্বাভাবিক লজ্জায়। সৌদি মালিকরা তো বটেই, বাংলাদেশের দূতাবাসের লোকেরাও এই মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিতে কার্পণ্য করে না।
অসহায় শ্রমিকদের পক্ষে বললে মালিকরা যে রেগে যাবে সেটা তো খুবই স্বাভাবিক। কিন্তু কই রাষ্ট্রও তো শ্রমিকদের পক্ষে বলে না। বিদেশি ক্রেতাদের সমিতি তবু মাঝে মধ্যে চক্ষুলজ্জায় পড়ে, তারা বলে শ্রমিকদের নিরাপত্তা দাও, কাজের পরিবেশ কিছুটা উন্নত করো; জিজ্ঞেস করে ট্রেড ইউনিয়নের অধিকার আছে কি না। রাষ্ট্র নির্বিকার। অথচ বাংলাদেশে যে একটি স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে সে তো সাধারণ মানুষের প্রাণদানের বিনিময়েই, যাদের ভেতর অধিকাংশই ছিল কৃষক ও শ্রমিক। এরাই শহিদ হয়েছে, এদের ঘরের মেয়েরাই লাঞ্ছিত হয়েছে সবার আগে। সেই মেহনতি মানুষ যখন তাদের বাঁচার অধিকারের কথা বলে তখন রাষ্ট্র ও মালিক সবাই তাদের ওপর ক্ষেপে যায়, সবাই একত্র হয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। যেন চরম শত্রুর মোকাবিলা করছে। মা বলে যারা নিজেদের দাবি করেন তাদের তখন মা তো নয়ই, মাসি বলেও মনে হয় না।

রাষ্ট্রীয় কর্তাদের শাসনে দেশের মানুষ যে ভালো নেই তা বলার অপেক্ষা আগেও রাখত না, বর্তমানে আরও বেশি পরিমাণে রাখে না। মেহনতি মানুষের আয়ের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানার মালিকদের আয়ের যেকোনো রকমের তুলনাই জানিয়ে দেবে মেহনতিদের দশাটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে; ধরিয়ে দেবে বিজ্ঞাপিত উন্নতির আসল রহস্যটা। অনুৎপাদক খাতের লোকদের আয়ের সঙ্গে উৎপাদক খাতের মেহনতিদের তুলনাটাও অত্যন্ত প্রাসঙ্গিক। সামরিক ও অসামরিক আমলাতন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেতনভাতা ও সুযোগ-সুবিধার সঙ্গে মেহনতি মানুষের আয়-ব্যয়ের তুলনা করুন, পরিষ্কার ধরা পড়বে রাষ্ট্রের পক্ষপাত কোন দিকে এবং কেন। ধরা পড়বে উন্নতি কোন দিকে ঘটছে এবং কীভাবে ঘটছে।
ঢাকা শহর এখন পৃথিবীর নিকৃষ্টতম শহরে পরিণত হয়েছে। ঢাকার নিচে আছে আর একটি মাত্র শহর সেটি সিরিয়ার রাজধানী দামেস্ক। সিরিয়ায় যুদ্ধ চলছে, তাই দামেস্কের ওই দশা। কিন্তু বাংলাদেশে তো কোনো যুদ্ধ নেই, তাহলে বাংলাদেশের রাজধানীর কেন এই দুর্দশা? হ্যাঁ, যুদ্ধ একটা অবশ্যই আছে, যুদ্ধ চলছে এই বাংলাদেশেও; সেটা দরিদ্রের সঙ্গে ধনীর যুদ্ধ। তার নাম শ্রেণিযুদ্ধ। আমরা ওই যুদ্ধের খবর রাখি না, খবর রাখতে চাইও না, রাখলে বুঝতাম ঢাকা কেন এতটা নিচে নেমে গেল। উন্নতি? হ্যাঁ, হচ্ছে, অবশ্যই উন্নতি হচ্ছে। উন্নতির দৃশ্য ও গল্প তো কোনো নতুন ব্যাপার নয়। উন্নতি ব্রিটিশ শাসনে হয়েছে, পাকিস্তান আমলেও কম হয়নি। ব্রিটিশরা তো বলতেই পারে যে, তারা আমাদের জন্য রেলের গাড়ি, টেলিগ্রাফের সংযোগ, স্টিমারে যাতায়াত, এসবের ব্যবস্থা করে দিয়েছে, শিল্পকারখানা তৈরি করেছে, ইংরেজি ভাষা শিখিয়েছে এবং চা কীভাবে খেতে হয় সেটা পর্যন্ত হাতে ধরে দেখিয়ে দিয়েছে; আর আইয়ুব খান তো দশ বছর ধরে মনের সুখে উন্নতির গান গাইতে গাইতে রাজত্ব করে গেলেন, উন্নয়নের দশক পালন শেষে সবচেয়ে সুন্দর গানটি গাইবার সময়েই তার পতন ঘটল। কিন্তু ওইসব উন্নতি নিয়ে আমরা তো সন্তুষ্ট ছিলাম না; উন্নতির ওই দাতাদের আমরা মেরে ধরে বিদায় করেছি। কারণ? কারণ হলো উন্নতিটা ছিল পুঁজিবাদী ধরনের, তাতে উন্নতির সঙ্গে সমানতালে বাড়ছিল বৈষম্য ও বঞ্চনা, দেশের সম্পদ চলে যাচ্ছিল বিদেশে। এখনকার উন্নতিরও তো ওই একই দশা। উন্নতি অল্প কিছু মানুষের, যারা চেপে বসে আছে বাদবাকিদের ঘাড়ের ওপর, আর উন্নতির সব রসদ জোগাচ্ছে ওই বাদবাকিরাই। এই উন্নতরা উন্নতি করেছে অবিশ্বাস্য দ্রুতগতিতে। দেশের সব দৈনিকেই বেরিয়েছিল অত্যন্ত চাঞ্চল্যকর খবরটা যে গত পাঁচ বছরে বাংলাদেশের ধনীরা যে গতিতে ও যে হারে উন্নতি করেছে তার তুলনা সারা বিশ্বের কোথাও নেই। উন্নতির উন্মাদনায় অধুনা চীন ছুটছে বুলেটের গতিতে। কিন্তু উন্নতির দৌড়ে বাংলাদেশের ধনীরা চীনের ধনীদেরও পেছনে এবং লজ্জায় ফেলে দিয়েছে। প্রতিযোগিতায় প্রতিবেশী ভারত ও পাকিস্তানের ধনীরা হার মেনেছে। রণেভঙ্গ দিয়েছে যুক্তরাষ্ট্রের ধনীরাও। এই উন্নতির অবিশ্বাস্য গতির উল্টো পিঠে লেখা রয়েছে মানুষের দুর্দশা, শঙ্কা ও কান্না। মায়ের আসল কান্না, মাসি বা মাসতুতো ভাইদের মায়া কান্না নয়।
হঠাৎ-উন্নতরা এ দেশের কোনো ভবিষ্যৎ আছে বলে বিশ্বাস করে না, তারা তাই মহাব্যস্ত হয়েছিল দেশের সম্পদ লুণ্ঠনে ও পাচারে। সম্পদ মোগলরা নিয়ে যেত দিল্লিতে, ইংরেজরা নিয়ে গেছে লন্ডনে, পাকিস্তানিরা নিত রাওয়ালপিন্ডিতে; আমাদের বাঙালি ভাইরা পাঠিয়েছে সুইজারল্যান্ডে, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়ায়। এদের কারও জবাবদিহির সামান্যতম দায় নেই। কার কাছে দায় থাকবে? রাষ্ট্র তো এদেরই করতলগত।
উন্নতি কাদের শ্রমে ও ঘামে সম্ভব হচ্ছে তাও আমরা জানি। কাজী নজরুল ইসলাম তার ছোট্ট একটি কবিতা লিখেছিলেন ‘কুলি-মজুর’ নামে। ওই কবিতায় পুঁজিবাদী উন্নতির ভেতরকার খবরটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়ে গেছেন তিনি। ওটি লেখা হয়েছিল আজ থেকে প্রায় ১০৭ বছর আগে। তিনি জিজ্ঞেস করেছেন রাজপথের মোটর, সাগরের জাহাজ, রেললাইনের রেলগাড়ি, জমিতে অট্টালিকা, এসব কাদের দান, এগুলো কার খুনে রাঙা? জবাবটা তার ওই প্রশ্নের ভেতরেই বসে আছে। সব উন্নতিই শ্রমিকের শ্রম দিয়ে দিয়ে তৈরি, উন্নতি মাত্রেই শ্রমিকের খুনে রাঙা। বিনিময়ে শ্রমিক কী পেয়েছে? বেতন? কত টাকা? নজরুলের ভাষায়, ‘বেতন দিয়েছ? চুপ্ রও যত মিথ্যাবাদীর দল্/ কত পাই দিয়ে কুলিরে তুই কত ক্রোর পেলি বল্।’
কত দিলেন আর কত পেলেন, এ প্রশ্নের জবাবে আমাদের গার্মেন্টসশিল্পের মালিকরা কী বলবেন? কত দিচ্ছেন? বিনিময়ে কত আদায় করে নিচ্ছেন? পয়লা মে আসা-যাওয়া করে কিন্তু শ্রমিকের ভাগ্য বদল হয় না।
লেখক: ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়