মেহরাব
মেহরাবে নামাজ পড়তে দেখার ব্যাখ্যা হলো, স্বপ্নদ্রষ্টার সুসংবাদপ্রাপ্তির আলামত। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘যখন তিনি কামরার ভেতরে নামাজে দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা তাঁকে ডেকে বললেন।’ (সুরা আলে ইমরান, আয়াত: ৩৯)। এই স্বপ্নদ্রষ্টা মহিলা হলে, তার একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করবে।
মেহরাবে অসময়ে নামাজ পড়তে দেখা স্বপ্নদ্রষ্টার মঙ্গলের প্রতীক, যা তার উত্তরাধিকারীরা তার পরবর্তী সময়ে লাভ করবে। মসজিদের মেহরাবে এক-দুই ফোঁটা বা তিন ফোঁটা পেশাব করতে দেখলে, প্রত্যেকটি ফোঁটাই তার জন্য একটি সচ্চরিত্রবান মর্যাদাসম্পন্ন পুত্রসন্তান জন্মগ্রহণের আলামত। এদিকে মেহরাব দেখার ব্যাখ্যা হলো ইমাম বা নেতা হওয়া।
মিনার
মিনার স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো, যে মানুষকে মঙ্গলের ওপর সমবেত করে। মসজিদের মিনার ধ্বংস হতে দেখা স্বপ্নদ্রষ্টার মৃত্যুর আলামত। এ ছাড়া তার নাম গোত্রহীন হয়ে পড়া এবং উক্ত মসজিদের জামাতবিচ্ছিন্ন হওয়ার ইঙ্গিত। জামে মসজিদের মিনার স্বপ্নে দেখা, সংবাদবাহক বা ডাকপিয়নের লক্ষণ। অথবা স্বপ্নদ্রষ্টা মানুষকে আল্লাহর দীনের দিকে আহ্বান করার প্রতীক।
মিনার থেকে কূপে পড়ে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টার ধনসম্পদ নষ্ট হবে। এ ছাড়া এটাও বোঝায় যে, স্বপ্নদ্রষ্টার সুন্দরী দীনদার স্ত্রী থাকা সত্ত্বেও সে একজন বাচাল দুষ্ট নারীকে বিয়ে করবে।
এক গণিতবিদ স্বপ্নে দেখল, সে কাঠের এক বড় মিনারে উঠেছে। সেখানে আজান দিচ্ছে। স্বপ্ন ব্যাখ্যাকারীর কাছে স্বপ্নের ঘটনা জানালে, জবাবে তিনি বললেন, বলখের এক ধরনের তরকারি বা চানাবুট দান করে প্রশাসনিক ক্ষমতা ও সুনাম অর্জন করবে।
কথিত আছে, কাকায়াহ (রহ), দশ হাজার দিরহাম ঋণগ্রস্ত হয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন। স্বপ্নে তিনি তার পিতাকে একটি উঁচু মিনারে আরোহী দেখতে পান। সেখানে তিনি তাসবিহ-তাহলিল পড়ছিলেন। তিনি তাকে দেখে ডাকলেন এবং ঘুম থেকে জেগে গেলেন। স্বপ্ন ব্যাখ্যাকারীর কাছে স্বপ্নের ঘটনা জানালে, জবাবে তিনি বললেন, মিনার হলো উচ্চ পদমর্যাদা ও সম্মান- যা তোমার বাবা পাবেন। তিনি বললেন, আমার বাবা তো মারা গেছেন। স্বপ্ন ব্যাখ্যাকারী বললেন, তুমি কি তার ছেলে নও? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, সম্ভবত তুমি আলেম বা নেতা হবে। আর তোমার বাবার তাসবিহ-তাহলিল পড়া, হয়তো তুমি চিন্তা ও পেরেশানিতে আছ, মহান আল্লাহ তা দূর করে দেবেন। আল্লাহ বলেছেন, ‘ইউনুস (আ.) গভীর অন্ধকার থেকে ডেকে বললেন, আপনি ছাড়া আর কোনো উপাসক নেই। আপনি পুতঃপবিত্র। নিশ্চয় আমি অপরাধী।’ (সুরা আম্বিয়া, আয়াত: ৮৭)
(স্বপ্নের ব্যাখ্যাবিদ মুহাম্মাদ ইবনে সিরিনের বিখ্যাত বই তাফসিরুল আহলাম বা স্বপ্নের ব্যাখ্যা থেকে সংক্ষেপিত)
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক