জামাতে নামাজ আদায় করার ক্ষেত্রে মুসল্লিদের উচিত পুরোপুরিভাবে ইমামকে অনুসরণ করা। ইমামের অনুসরণ করা ওয়াজিব। ইমামের আগে কোনো কাজ করা যাবে না। বিশেষভাবে লক্ষ রাখতে হবে, কোনোভাবেই যেন ইমামের আগে কোনো রোকনে না চলে যায় বা ইমামের আগে মাথা না তোলে কিংবা কোনো কাজ না করে। ইমামের আগে কোনো রোকনে চলে যাওয়া মাকরুহে তাহরিমি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইমাম নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ করার জন্য। সুতরাং ইমাম যখন রুকু করবেন তখন তোমরা রুকু করবে, যখন ইমাম রুকু থেকে মাথা উঠাবেন তখন তোমরাও মাথা উঠাবে।’ (মুসলিম, হাদিস: ৪১২)
ইমামের আগে রোকনে যাওয়া গুনাহের কাজ। ইমামের আগে মাথা তুললে আল্লাহ শাস্তি দেবেন। আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কেউ যখন ইমামের আগে মাথা তোলে, তখন কি তার এই ভয় হয় না; আল্লাহ তার মাথাকে গাধার মাথার আকৃতিকে কিংবা তার শরীরের আকৃতিতে গাধার আকৃতির মতো বানিয়ে দেবেন?’ (বুখারি, ১/৯৬)
আরও পড়ুন: যেভাবে পড়বেন নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাত
রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘যখন ইমাম সাহেব তাকবির সমাপ্ত করবেন তখন তোমরা তাকবির বলবে। আর যখন তিনি রুকুতে চলে যাবেন তখন তোমরা রুকু শুরু করবে। আর যখন তিনি রুকু থেকে মাথা উঠিয়ে ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলবেন, তখন তোমরা রুকু থেকে মাথা উঠিয়ে ‘রাববানা ওয়া লাকাল হামদ’ বলবে। আর যখন তিনি সিজদায় যাবেন তখন তোমরা সেজদা শুরু করবে।’ (বুখারি, হাদিস: মুসলিম, হাদিস: ৪১৪)। সুতরাং নামাজে পরিপূর্ণরূপে ইমামের অনুসরণ করতে হবে। কোনোভাবে কোনো রোকন ইমামের আগে করা যাবে না।
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক