প্রশ্ন: আমাদের একটি লোকাল গার্মেন্টস আছে। এতে মেয়েদের থ্রি-পিস, জামাসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয়। এ ধরনের প্রায় ব্যবসায়ী তাদের পোশাকের গায়ে গার্মেন্টসের নাম এবং এ কাপড়টি পরিহিতা একজন নারীর ছবিসংবলিত একটি লেভেল লাগায়। নারীর ছবিসংবলিত এ ধরনের লেভেল লাগানো কি বৈধ?
আলী আহমাদ, নরসিংদী
উত্তর: এভাবে প্যাকেটের ওপর নারীর ছবিযুক্ত লেভেল লাগানো সম্পূর্ণ নাজায়েজ। অপ্রয়োজনীয় ছবি প্রিন্ট করা হারাম। দ্বিতীয়ত, নারীর ছবি প্রদর্শনের কারণে পর্দার বিধানও লঙ্ঘিত হয়। মানুষ বা অন্য কোনো প্রাণীর ছবি আঁকা ও তা দৃশ্যমান রাখার ব্যাপারে হাদিসে কঠিন ধমকি এসেছে। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে ছবি অঙ্কনকারীরা।’ (বুখারি, হাদিস: ৫৯৫০)
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ফেরেশতাগণ এমন ঘরে প্রবেশ করেন না, যে ঘরে কোনো প্রাণীর ছবি বা প্রতিকৃতি থাকে।’ (মুসলিম, হাদিস: ২১১২)
তাই পোশাকে বা প্যাকেটে মেয়েদের ছবিসংবলিত লেভেল লাগানো যাবে না। মুসলমানদের উচিত, শরিয়তের বিধানের প্রতি যত্নশীল হওয়া। পুতুল বা ছবি ছাড়া শুধু পোশাকের ছবি ও ডিজাইন দেওয়া যেতে পারে। দ্বীনদার ব্যবসায়ীরা এটা চালু করলে অন্যদের জন্য তা আদর্শ ও অনুসরণীয় হতে পারে। (বাদায়েউস সানায়ে, ১/৩০৫; খুলাসাতুল ফাতাওয়া, ১/৫৮)
আরও পড়ুন: মাদরাসায় যথাসময়ে উপস্থিত না হলে ‘বিলম্ব ফি’ নেওয়া যাবে?
পর্দার বিধান সম্পর্কে আল্লাহতায়ালা পবিত্র কোরআনে বলেন, ‘হে নবি, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের জিলবাবের একাংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে। ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আহজাব, আয়াত: ৫৯)
হাদিসে এসেছে, আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নারী পর্দাবৃত থাকার বস্তু। যখন সে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়।’ (তিরমিজি, হাদিস: ১১৭৩)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারাই, যারা পর্দাহীনভাবে চলাফেরা করে।’ (বায়হাকি, হাদিস: ১৩২৫৬)
লেখক: আলেম, মুফতি ও সাংবাদিক