ঘোড়া একটি শক্তিশালী, মর্যাদাবান এবং প্রতীকী প্রাণী। তাই ঘুমের ঘোরে ঘোড়া দেখার ঘটনা কেবল একটি সাধারণ স্বপ্ন নয়, বরং এটি কোনো অর্থবোধক বার্তার ইঙ্গিত বহন করতে পারে। ইসলামি স্বপ্ন ব্যাখ্যায় ঘোড়া অনেক সময় সম্মান, সম্পদ, অনুসরণকারী, এমনকি আত্মিক অবস্থা ও ভবিষ্যতের ঘটনাবলির প্রতীক হিসেবে বিবেচিত হয়।
ঘোড়ার রং অনুযায়ী ব্যাখ্যা
স্বপ্নে কালো ঘোড়া দেখা মানে হলো, স্বপ্নদ্রষ্টা একজন দ্বীনদার ও স্বনামধন্য মহিলার সান্নিধ্য লাভ করবে। সাদা ঘোড়া দেখা সম্পদ ও সৌন্দর্যের অধিকারিণী নারীর প্রতীক। এটি প্রাচুর্য ও সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। আর যদি লাল রঙের ঘোড়া দেখা যায়, তা হলে সেটি দুশ্চিন্তার প্রতীক হতে পারে। তবে এর অন্য একটি ব্যাখ্যাও আছে— যেহেতু ফেরেশতাদের ঘোড়া লাল রঙের ছিল, তাই এটি সাহায্যপ্রাপ্ত হওয়ারও নিদর্শন হতে পারে।
ঘোড়ার সঙ্গে আচরণ কেমন ছিল?
স্বপ্নে নিজেকে ঘোড়ার দুধ পান করতে দেখলে, এটি এক রাজকীয় পুরস্কার বা সম্পদপ্রাপ্তির ইঙ্গিত দেয়। কেউ যদি দেখে সে শান্ত, অনুগত ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে এবং সফরের জন্য সব প্রস্তুত, তবে সে সম্মান ও সম্পদ লাভ করবে। ঘোড়া যত বেশি অনুগত, স্বপ্নদ্রষ্টা তত বেশি সফলতা পাবে।
ঘোড়ার লেজ প্রতীক হতে পারে অনুসারীদের। লম্বা বা একাধিক লেজ নির্দেশ করে অনেক মানুষ তার অনুসরণ করবে। বিপরীতে, লেজ কাটা থাকলে কম লোকের আনুগত্য পাওয়ার ইঙ্গিত দেয়।
নফস ও আত্মিক অবস্থা
যদি কেউ দেখে ঘোড়া তার অবাধ্য হচ্ছে, তা হলে বুঝতে হবে, স্বপ্নদ্রষ্টা নিজের কুপ্রবৃত্তির কাছে পরাজিত হচ্ছে। এখানে ঘোড়াটি তার নফসের প্রতীক। ঘোড়া যদি সাহসী কিন্তু অবাধ্য হয়, তবে বড় ধরনের বিপদের আশঙ্কা থাকে।
ঘোড়ার অস্বাভাবিক চলাচল
ঘোড়া যদি স্বাভাবিক পথের পরিবর্তে দেয়াল, ছাদ বা গির্জার ওপর দিয়ে চলে, তবে সেটি অশুভ লক্ষণ। তবে ঘোড়ার যদি পাখা থাকে এবং সেটি আসমান ও জমিনের মাঝে উড়ে বেড়ায়, তবে এর অর্থ স্বপ্নদ্রষ্টা দুনিয়া ও আখিরাতে সৌভাগ্য লাভ করবে।
একটি ঘটনার ব্যাখ্যা
একজন ব্যক্তি স্বপ্নে দেখলেন, তিনি এমন একটি ঘোড়ায় চড়েছেন যার পা লোহার। ইমাম ইবনে সীরীন (রহ.) বললেন, এটি তার মৃত্যুর পূর্বাভাস। অন্যদিকে, একজন স্বপ্নে ঘোড়ায় চড়ে রোদের মধ্যে বসে আছেন— দাঁতগুলো বিক্ষিপ্ত। ব্যাখ্যাকারী বললেন, ঘোড়া সম্পদের, পোশাক পদমর্যাদার, সূর্য মন্ত্রিত্বের, আর দাঁতের ছড়িয়ে থাকা দীর্ঘায়ুর প্রতীক।
বি.দ্র. স্বপ্নে ঘোড়া দেখা নিছক কল্পনা নয়। এটি আত্মিক অবস্থা, সামাজিক মর্যাদা, ভবিষ্যতের সম্ভাবনার একটি প্রতীকী রূপ। তবে এই ব্যাখ্যাগুলো মূলত মুহাম্মাদ ইবনে সীরীনের 'তাফসিরুল আহলাম' গ্রন্থের ওপর ভিত্তি করে সংকলিত।
লেখক : আলেম ও সাংবাদিক