ইসলামের এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ আজ মঙ্গলবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সৌদি আরবসহ পুরো মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।ইনসাইড দ্য হারামাইনের বরাতে জানা গেছে, স্থানীয় সময় বেলা ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
শায়খ আবদুল আজিজ আল শায়খের ইন্তেকালে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। তারা মরহুমের পরিবার, সৌদি জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তার জানাজা আজ আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দুই পবিত্র মসজিদসহ সৌদি আরবের সব মসজিদে তার জন্য বিশেষ দোয়া করা হবে।
১৯৯৯ সাল থেকে দেশটির প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন শায়খ আবদুল আজিজ। তিনি সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে বিভিন্ন আইনি, সামাজিক এবং ধর্মীয় বিষয়ে ফতোয়া দিতেন, যা দেশটির আদালত ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলত। তিনি ইলমি গবেষণা ও ফতোয়াবিষয়ক স্থায়ী কমিটিরও প্রধান ছিলেন।শায়খ আব্দুল আজিজ আশ-শেখ বংশের একজন সদস্য, যা সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বের সঙ্গে ঐতিহাসিকভাবে গভীরভাবে যুক্ত। এই বংশেই জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত ইসলামি চিন্তাবিদ মুহাম্মদ ইবনে আব্দ আল-ওয়াহাব।
বিশেষ করে, শায়খ আবদুল আজিজ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর ধরে আরাফাতের ময়দানে হজের খুতবা দিয়েছেন। এই দীর্ঘ সময় তিনি বিশ্ব মুসলিমকে ঐক্যের বার্তা দিয়েছেন। ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে তিনি এই দায়িত্ব থেকে অবসর নেন। তার মৃত্যুতে মুসলিম বিশ্বের একজন প্রভাবশালী ধর্মীয় নেতাকে হারাল, যিনি তার জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে লাখো মানুষকে সঠিক পথ দেখিয়েছেন।