শিক্ষাজীবনে পরীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। অনেক সময় দেখা যায়, কঠোর পরিশ্রম ও প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষার হলে ঘাবড়ে গিয়ে জানা বিষয়গুলোও স্মৃতির আড়ালে চলে যায়। চোখের সামনে প্রশ্নপত্র থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী সঠিক উত্তরটি মনে করতে পারে না। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ইসলামের শেখানো আমলের মাধ্যমে মানসিক প্রশান্তি ও স্মৃতিশক্তি ফিরে পাওয়া সম্ভব। ইসলাম আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিয়েছে। পরীক্ষার হলে উত্তর ভুলে গেলে বা কোনো প্রশ্নের উত্তর মনে না এলে মুমিন বান্দার জন্য মহান আল্লাহর সাহায্য কামনাই হলো শ্রেষ্ঠ পথ। নিচে দুটি কার্যকর দোয়া তুলে ধরা হলো:
১. বক্ষ প্রশস্ত হওয়ার দোয়া
হযরত মুসা (আ.) যখন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তখন তিনি মহান আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন। এই দোয়াটি পড়লে মনের জড়তা দূর হয় এবং স্মৃতিশক্তি সচল হয়।
উচ্চারণ: রব্বিশ-রাহলি সদরি। (সুরা ত্বহা, আয়াত: ২৫)
অর্থ: হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দাও।
২. কাজ সহজ করার দোয়া
যেকোনো কঠিন কাজকে সহজ করতে এবং এর শুভ সমাপ্তির জন্য এই দোয়াটি অত্যন্ত কার্যকরী:
উচ্চারণ: রব্বি ইয়াসসির, ওয়া লা তুআসসির, ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর।
অর্থ: ‘হে আমার রব! (আমার জন্য কাজটিকে) সহজ করে দিন, কঠিন করবেন না এবং কল্যাণের সঙ্গে এর সমাপ্তি দান করুন।’
পরীক্ষার্থীদের জন্য কিছু সংক্ষিপ্ত পরামর্শ:
ঘাবড়াবেন না: উত্তর মনে না এলে লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করুন। কারণ দুশ্চিন্তা স্মৃতিশক্তিকে আরও বাধাগ্রস্ত করে।
দরুদ শরিফ পাঠ: ওলামায়ে কেরাম বলেন, কোনো কিছু ভুলে গেলে নবিজির ওপর দরুদ পাঠ করলে তা স্মরণে আসার সম্ভাবনা তৈরি হয়।
সিরিয়াল পরিবর্তন: কোনো একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর মনে না এলে সেটিতে সময় নষ্ট না করে অন্যগুলো আগে উত্তর করুন। পরে মন শান্ত হলে আগেরটি মনে পড়ার পথ সহজ হয়।
পরিশেষে, চেষ্টার পাশাপাশি আল্লাহর ওপর পূর্ণ ভরসা (তাওয়াক্কুল) রাখা একজন মুমিনের পরিচয়। আল্লাহতায়লা সব শিক্ষার্থীকে উত্তম সফলতা দান করুন। আমিন।