ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজের সময়সূচি নিয়ে আগাম তথ্য প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের হজের সম্ভাব্য তারিখ নির্ধারণের পাশাপাশি দেশটির মন্ত্রিসভা দীর্ঘ এক সরকারি ছুটিরও অনুমোদন দিয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম 'খালিজ টাইমস' এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
আরবি বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী, ২০২৬ সালের মে মাসের ১৮ তারিখে জিলহজ মাস শুরু হতে পারে (চাঁদ দেখা সাপেক্ষে)। সেই হিসেবে হজের প্রধান ধাপগুলো হবে, আরাফাত দিবস ২৬ মে, মঙ্গলবার। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসলিম আরাফাতের ময়দানে সমবেত হবেন। পবিত্র ঈদুল আজহা ২৭ মে, বুধবার।
পবিত্র হজ ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাত সরকার বড় ধরনের ছুটির ঘোষণা দিয়েছে। দেশটির সাপ্তাহিক ছুটি (শনি ও রবিবার) মিলিয়ে বাসিন্দারা টানা ছয় দিন বিশ্রাম ও উৎসবের সুযোগ পাবেন। ২৬ মে (মঙ্গলবার) আরাফাত দিবস বা হজের দিনের ছুটি।
২৭ থেকে ২৯ মে (বুধবার-শুক্রবার) ঈদুল আজহার তিন দিনের আনুষ্ঠানিক ছুটি। ৩০ ও ৩১ মে (শনিবার ও রবিবার) সাপ্তাহিক নিয়মিত ছুটি।
অর্থাৎ, ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত পুরো সময়টিই সংযুক্ত আরব আমিরাতে সরকারি ছুটি থাকবে।
মধ্যপ্রাচ্যে সাধারণত অনেক আগে থেকেই হজের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয় যাতে হজ পালনকারী এবং সাধারণ মানুষ তাদের পরিকল্পনা গুছিয়ে নিতে পারেন। এবারের হজের দিনটি মঙ্গলবারে পড়ায় এবং এরপর টানা ঈদের ছুটি থাকায় নাগরিকদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা দিচ্ছে।
উল্লেখ্য, চূড়ান্ত তারিখ জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করলেও আরব আমিরাতের মন্ত্রিসভা এই সম্ভাব্য সময়সূচি অনুযায়ী তাদের দাপ্তরিক কার্যক্রম ও ছুটির ক্যালেন্ডার সাজিয়েছে।