রমজান শেষ হয়েছে কিন্তু একজন মুমিনের হৃদয়ে রমজানের আলো কি নিভে গেছে? নাকি এই আলো এখন সারা বছরের পথচলার দিশা হয়ে উঠেছে? সত্য কথা হলো, রমজান কোনো বিদায়ের নাম নয়; বরং এটি আমাদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা। রমজান ছিল আত্মশুদ্ধির এক অনন্য মাদরাসা। এখানে আমরা শিখেছি ধৈর্য, সংযম, আল্লাহর ভয় এবং তার প্রতি গভীর ভালোবাসা।
দিনের পর দিন ক্ষুধা ও পিপাসা সহ্য করে আমরা প্রমাণ করেছি–আমরা চাইলে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে রমজানের পর কেন আমরা আবার সেই পুরোনো গুনাহর জীবনে ফিরে যাব? আল্লাহতায়ালা এরশাদ করেছেন, তোমরা মৃত্যু আসা পর্যন্ত তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো। (সুরা হিজর, ৯৯) এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় ইবাদত কোনো মৌসুমি বিষয় নয়; এটি জীবনের প্রতিটি শ্বাসের সঙ্গে জড়িত একটি দায়িত্ব।
রমজানের পরে একজন প্রকৃত মুমিনের জীবন এমন হওয়া উচিত, যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ শুধু একটি রুটিন নয়, বরং আত্মার প্রশান্তির উৎস। যেখানে তাহাজ্জুদের অশ্রু শুধু রমজানের রাতেই সীমাবদ্ধ নয়, বরং মাঝে মধ্যে হলেও সারা বছর জারি থাকে। যেখানে কোরআনের তিলাওয়াত কেবল খতম দেওয়ার লক্ষ্য নয়, বরং প্রতিদিনের পথপ্রদর্শক।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো–যেটা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। (বুখারি ও মুসলিম) এই হাদিস আমাদের জন্য এক বিশাল দিকনির্দেশনা। রমজানে আমরা হয়তো অনেক বড় বড় আমল করেছি, কিন্তু রমজানের পর যদি সেগুলো একেবারেই বন্ধ হয়ে যায় তাহলে তা আমাদের জন্য ক্ষতির কারণ। বরং প্রতিদিন অল্প হলেও নিয়মিত আমল করা—এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রমজানের সবচেয়ে বড় শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, হে ঈমানদাররা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে… যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। (সুরা বাকারা, ১৮৩)
রমজান আমাদের এই শিক্ষা দিয়েছে–আমরা গুনাহ ছেড়ে থাকতে পারি। আমরা আমাদের চোখকে হারাম থেকে বাঁচাতে পারি, আমাদের জিভকে মিথ্যা ও গিবত থেকে সংযত রাখতে পারি। তাহলে রমজানের পরে কেন আমরা আবার সেই অন্ধকারে ফিরে যাব? একজন বুজুর্গ বলেছেন, রমজানের পুরস্কার হলো–রমজানের পর ভালো আমল করার তৌফিক পাওয়া। যদি রমজানের পর আমাদের জীবন আরও সুন্দর হয়, আমাদের ইবাদত বৃদ্ধি পায়–তাহলেই বুঝতে হবে আমাদের রোজা কবুল হয়েছে।
সাহাবায়ে কেরাম (রা.) রমজান চলে যাওয়ার পর গভীর চিন্তায় ডুবে যেতেন। তারা ছয় মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতেন–হে আল্লাহ! তুমি আমাদের রমজান কবুল করো। আর বাকি ছয় মাস তারা পরবর্তী রমজানের প্রস্তুতি নিতেন। তাদের এই চিন্তা আমাদের জন্য বড় শিক্ষা–আমরা কি কখনো ভেবেছি, আমাদের রোজা কবুল হয়েছে কি না? রমজানের পরে আমাদের জীবনে কিছু পরিবর্তন অবশ্যই থাকা উচিত। আমাদের নামাজে মনোযোগ বাড়াতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক গভীর হতে হবে, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা জোরদার করতে হবে এবং মানুষের সঙ্গে আচরণ আরও সুন্দর হতে হবে। বিশেষ করে আমাদের গোপন জীবন–যেখানে কেউ আমাদের দেখে না–সেটি যেন রমজানের মতোই পবিত্র থাকে। কারণ আল্লাহ তো সব সময়ই আমাদের দেখছেন।
রমজান আমাদের শিখিয়েছে—আমরা দুর্বল নই। আমরা চাইলে বদলাতে পারি। আমরা চাইলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। এখন প্রয়োজন শুধু–এই পরিবর্তনকে স্থায়ী করা। রমজান একটি ট্রেনিং ক্যাম্প। এখানে আমরা যে শিক্ষা নিয়েছি, তা বাস্তব জীবনে প্রয়োগ করাই আমাদের আসল পরীক্ষা। যে ব্যক্তি রমজানের পরেও আল্লাহর পথে অবিচল থাকে, সেই প্রকৃত সফল।
লেখক: আলেম ও সাংবাদিক