অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে শেখ হাসিনার সরকারের অনেক অপ্রয়োজনীয় ও রাজনৈতিক উদ্দেশ্যে গ্রহণ করা প্রকল্প বাতিল করেছে। কিন্তু রাজস্ব আদায়ে হিমশিম খেলেও দেশের অর্থনৈতিক সংকটের এই দুঃসময়ে ‘ঢাকায় বিলাসী সার্কিট হাউস’ প্রকল্প বাতিল করা হয়নি।
শেখ হাসিনার অনুমোদন করা সেই প্রকল্প ‘ঢাকা জেলায় বিদ্যমান সার্কিট হাউস ভবনের স্থলে নতুন অত্যাধুনিক সার্কিট হাউস ভবন নির্মাণ’ বাস্তবায়ন করা হচ্ছে। গোসল করার জন্য পাঁচ তারকা হোটেলের মতো সুইমিংপুল তৈরি করা হবে। তাতে খরচ করা হবে ৬ কোটি ৩১ লাখ টাকা। শুধু তা-ই নয়, গার্ডরুম তৈরি করতেও খরচ করা হবে ১ কোটি ৪৫ লাখ টাকা। এভাবে আসবাবপত্র কেনা থেকে শুরু করে বাউন্ডারি ওয়াল নির্মাণসহ বিভিন্ন কাজে ৩৩৪ কোটি টাকার বেশি খরচ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে গণপূর্ত অধিদপ্তর।
এ ব্যাপারে সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, ‘অর্থনীতিতে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। তা মোকাবিলা করতে এই সরকার আগের সরকারের অনেক অপ্রয়োজনীয় ও বিলাসী প্রকল্প বাতিল করেছে। তাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রকল্প ছাড়া এ ধরনের বিলাসী প্রকল্প বাতিল বা স্থগিত করা দরকার। এ ব্যাপারে সরকারের নীতিমালা গ্রহণ করা জরুরি।’
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি গত ১৯ আগস্ট পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন রাজনৈতিক বিবেচনায় নেওয়া এবং কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাতিল করা হবে। তার এই নির্দেশনার পর ভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রকল্পের তালিকা তৈরি শুরু করে। তার পরই ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণের জন্য ‘ভূমি অধিগ্রহণ প্রকল্প, ঢাকার নবাবগঞ্জে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নসহ অসংখ্য প্রকল্প বাতিল করা হয়েছে।
কিন্তু দেশে অর্থনৈতিক অবস্থা নাজুক পর্যায়ে চলে গেলেও ঢাকায় সার্কিট হাউস নির্মাণের মতো বিলাসী প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। গত বছরের ৯ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সাবেক প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা প্রকল্পটির অনুমোদন দেন। সম্পূর্ণ সরকারি খরচে ১৩ তলা ভবন নির্মাণসহ অন্যান্য কাজে খরচ ধরা হয়েছিল ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকা। বাস্তবায়নকাল ধরা হয় ২০২৪-এর জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত।
সরকার পরিবর্তনকে কেন্দ্র করে চলতি অর্থবছরের (২০২৪-২৫) শুরুতেই অর্থাৎ জুলাই-আগস্ট মাসে দেশের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। অনেক শিল্প-কারখানায় অগ্নিসংযোগ করা হয়। ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে যায়। ফলে সরকারের রাজস্ব আদায়ও কমে যায়। এমন পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রকল্প কার্যকর করতে যাচ্ছে। এই মন্ত্রণালয়ের উপসচিব আশীষ কুমার সাহা গত ৫ জানুয়ারি প্রশাসনিক অনুমোদন দিয়েছেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, রাজধানীর বেইলি রোডের পুরোনো সার্কিট হাউসের জায়গায় নির্মাণ করা হবে নতুন সার্কিট হাউস ভবন। এতে থাকবে আধুনিক নানা সুযোগ-সুবিধা। পাঁচ তারকা মানের হোটেলে যা যা থাকে, তার সবটাই পাওয়া যাবে এখানে। দেশের বিভিন্ন জেলা থেকে আনা সরকারি কর্মকর্তা এবং রাষ্ট্রীয় অতিথিদের সাময়িক রাত্রিযাপনের জন্য ভবনটি ব্যবহৃত হবে। নতুন সার্কিট হাউসে দুটি বেজমেন্টসহ একটি ১৩ তলা এবং আরেকটি ৮ তলা ভবন নির্মাণ করা হবে। এতে খরচ ধরা হয়েছে ২৩৯ কোটি ৪৯ লাখ টাকা।
সার্কিট হাউস ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জায় ব্যবহার করা হবে অত্যাধুনিক সব পণ্য। এতে খরচ করা হবে ১৭ কোটি টাকা। এ ছাড়া সুইমিংপুলও নির্মাণ করা হবে। এতে খরচ হবে ৬ কোটি ৩০ লাখ টাকা। ৪ কোটি ৬৮ লাখ টাকা খরচে জিমনেসিয়ামও করা হবে। অতিথিদের পাহারা দেওয়ার জন্য একটি গার্ডরুম নির্মাণে খরচ করা হবে ১ কোটি ৪৫ লাখ টাকা। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রকল্প পরিচালকের দুটি গাড়ির জন্য খরচ করা হবে ৬০ লাখ টাকা। এ ছাড়া এসি, লিফট, বাউন্ডারি ওয়াল, অভ্যন্তরীণ রাস্তা, স্যুয়ারেজ সিস্টেম, জেনারেটর এবং বিদ্যুৎবাবদ বাকি টাকা খরচ হবে। স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টও (এসটিপি) নির্মাণ করা হবে। তাতে খরচ করা হবে ৪ কোটি ৪০ লাখ টাকা। এভাবে সব কাজ করতে ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকা খরচ করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিতে দেশের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের ঢাকায় আসতে হয়। তাদের সাময়িক রাত্রিযাপনের জন্য ঢাকা জেলা সার্কিট হাউসটি ব্যবহৃত হয়। কিন্তু বিদ্যমান সার্কিট হাউসটি অনেক পুরোনো। চাহিদা অনুযায়ী স্থান-সংকুলান সম্ভব হয় না। আবার পুরোনো সার্কিট হাউসটিতে তেমন আধুনিক সুযোগ-সুবিধা নেই। এ ছাড়া রাষ্ট্রের ভিভিআইপি অতিথিদের রাত্রিযাপনের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত রেস্টহাউস নেই। তাই কর্মকর্তাদের ঢাকায় সাময়িক আবাসন সুবিধা বাড়ানোর জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন সার্কিট হাউস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে তারা নিরাপদে থাকতে পারেন। এতে সরকারেরও রাজস্ব আয় বাড়বে।
সিফাত/