৪৯ বলে শতক করে লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডটি নিজের করে নিলেন হাবিবুর রহমান সোহান।
এ রেকর্ড করতে গিয়ে পেছনে ফেলেছেন মাশরাফি বিন মুর্তজাকে। তাকে পেছনে ফেলে লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটাদের মধ্যে দ্রুততম শতক এখন সোহানের নামের পাশে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কক্সবাজারে বিসিএল ওয়ানডেতে এই রেকর্ড গড়েন উত্তরাঞ্চলের উদ্বোধনী ব্যাটসম্যান হাবিবুর।
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে মধ্যাঞ্চল অলআউট হয় ২০১ রানে। এই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৯ বলে ১০০ রান করেন হাবিবুর। রেকর্ড গড়ে শতক হাঁকানোর পথে মারেন ৭ চার ও ৮ ছক্কা।
এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ড ছিল মাশরাফির। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫০ বলে শতক করেছিলেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সেই ম্যাচ হয়েছিল নারায়ণগঞ্জের ফতুল্লায়।