আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াডে জায়গা পাওয়া ১৫ জনকে নিয়ে বিসিবির নিয়মিত আয়োজন ‘গ্রিন রেড স্টোরি।’ যেখানে আজ প্রকাশিত হয়েছে যুব বিশ্বকাপজয়ী পেসার তানজিম হাসান সাকিবের সাক্ষাৎকার। প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তিনি।
এর আগে, ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে ছিলেন তানজিম সাকিব। খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। দলের হয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া স্বপ্নের মতো এই তরুণ পেসারের কাছে, ‘প্রত্যেক খেলোয়াড়েরই একটা স্বপ্ন থাকে যে বিশ্ব ক্রিকেটে নিজের দেশের হয়ে খেলবে। বিশ্বকাপ স্কোয়াডে আমি আছি এটা অবশ্যই স্বপ্নের মতো। আমি যখন থেকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি তখন থেকেই টার্গেট ছিল যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো।’
জাতীয় দলে খেলার দৃঢ়প্রত্যয় নিয়ে তিনি এসেছেন এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘কখনো আত্মবিশ্বাসের কমতি ছিল না যে আন্তর্জাতিক ক্রিকেটে আমি পারবো না। আমি এভাবেই নিজেকে তৈরী করেছি যে আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে ডমিনেট করা লাগবে।'
একাদশে সুযোগ পেলে নিজের পারফরম্যান্স দিয়ে দলকে জেতাতে চান ২১ বছর বয়সী এই পেসার। ‘সবাই লক্ষ্য রাখে যে আমি বিশ্বকাপে খেলবো এবং ওইখানে নিজের সেরাটা দিতে পারি। খেলার সুযোগ পেলে পারফম্যান্সের মাধ্যমে যেন আমার দলকে বিজয় এনে দিতে পারি।’
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে নামে মিল আছে তানজিম হাসান সাকিবের। প্রায়ই এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয় নামের মিল নিয়ে। তানজিমের কাছে জানতে চাওয়া হয় সাকিব আল হাসানের কোন অভ্যাসটা নিজের মধ্যে দেখতে চান, জবাবে তানজিম বলেন, ‘আমি সাকিব ভাইয়ের মানসিকতাটা নিজের মধ্যে আনার চেষ্টা করবো। যে কোন পরিস্থিতিকে উনি শান্ত ভাবে সামলাতে পারে। এটা খুবই ভালো লাগে আমার।’