চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করে বাদ পড়তে হয়েছে নিউজিল্যান্ডকে। এই আসর থেকে এমনভাবে বাদ পড়ার পর আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে কিউইদের অধিনায়ক কেইন উইলিয়ামসনকে দেখা যাবে কিনা এই নিয়ে জন্ম নিয়েছে প্রশ্নের। যদিও, নিজের টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যত নিয়ে নিজেই নিশ্চিত নন খোদ উইলিয়ামসনই।
বাকি দুই ফরম্যাটে গত এক দশক ধরেই সেরাদের একজন তিনি। তবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কিনা এই নিয়ে নিশ্চিত নন তিনি।
সোমবার (১৭ জুন) পাপুয়া নিউ গিনির বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ৩ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। যদিও আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্ল্যাকক্যাপসরা।
পিএনজির বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের খেলা নিয়ে প্রশ্ন করা হলে কেইন উইলিয়ামসন বলেন, ‘ওহ, আমি জানিনা।’
গেল এক দশকে প্রথমবারের মতো আইসিসি আসরের সেমিফাইনালের বাইরে শেষ হয়েছে নিউজিল্যান্ডের যাত্রা। বিশ্বকাপ ব্যর্থতা সামলে নিয়ে সামনের দিনগুলোতে নিজেদের পরিকল্পনার ব্যাপারে কিউই অধিনায়ক বলেন, ‘আগের এবং বর্তমান সময়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সুতরাং, নিজেদের নতুন করে ঢেলে সাজাতে হবে। আগামী বছর আমাদে বেশকিছু টেস্ট ম্যাচ রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের অন্যান্য সংস্করণে ম্যাচ রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে।’
বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে তিনি বলেন, ‘যা হয়েছে তা কোনো ব্যাপার না। সবসময় আপনি ভালো করতে চান। তবে এটি অপ্রতিম অভিজ্ঞতা সবার জন্য। কন্ডিশন সব জায়গাইয় কঠিন ছিল ব্যাটারদের জন্য, এরপরেও সবকিছুতেই অন্য পন্থা খুঁজে বের করার চেষ্টা করা।’
পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ দিয়ে ট্রেন্ট বোল্ট নিশ্চিত করেছেন এবারের আসরই তার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। এরপর আর তাকে দেখা যাবে না এই সংস্করণের বিশ্বকাপে। এমন আসরেই কিনা নিউজিল্যান্ডকে বাদ পড়তে হয়েছে বিশ্বকাপ থেকে।