প্রথম টেস্টে বাংলাদেশের ফিল্ডিং ঠিক করে দিতে দেখা যায় ঋষভ পন্তকে। চেন্নাইতে টেস্টের তৃতীয় দিন তাসকিনের বোলিংয়ের সময় ঘটে এই ঘটনাটি। পন্তের কথা শুনে সেই জায়গায় ফিল্ডারও পাঠিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জন্ম নিয়েছে একটি প্রশ্ন। আর সেটি হলো বাংলাদেশের অধিনায়ক – শান্ত নাকি পন্ত?
ম্যাচশেষে মাঠ থেকে সেই প্রশ্ন তাকে ভারতের ধারাভাষ্যকার সাবা করিম। সেই প্রশ্নে হেসে ওঠেন টিভির স্ক্রিনে থাকা সকল আলোচক ও ঋষভ পন্ত নিজেও। তার কাছে জানতে চাওয়া হয় শান্ত নাকি তিনি বাংলাদেশের অধিনায়ক।
ফিল্ডিং ঠিক করে দেওয়ার সেই ঘটনায় ঋষভ পন্ত উইকেতে দাঁড়িয়ে শান্তকে বলেন, ‘আরে ভাই, এদিকে একজন আসো। এদিকে ফিল্ডার কম আছে।’
ম্যাচশেষে তাকে এই প্রশ্ন করা হলে নিজেও হেসে ওঠেন। পরে জবাবে বলেন, ‘ক্রিকেটে কীভাবে আরও ভালো করা যায়, এ নিয়ে অজয় (জাদেজা) ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক। ওখানে তখন ফিল্ডার ছিল না। এক জায়গায় দুজন দাঁড়িয়েছিল। আমি তাই বললাম, ওখানে একজন ফিল্ডার দাও।’
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দারুণ ব্যাটিং করেছেন পন্ত। প্রায় ৭০০ দিন পর টেস্টে ফিরে রেখেছেন অনবদ্য ভূমিকা। ১০৯ রানের ইনিংস খেলে বাড়িয়েছেন দলের লিড।