চেন্নাই টেস্ট থেকে আলোচনা ও সমালোচনা দুটোই শুরু হয়েছে সাকিব আল হাসানের চোট নিয়ে। কানপুরে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টেস্টকে সামনে রেখে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের চোট নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচ জানিয়েছেন, সাকিবের চোটের ব্যাপারে কিছু জানা নেই তার।
বুধবার (২৫ সেপ্টেম্বর) কানপুরের গ্রীন পার্কে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচের কাছে সাংবাদিকদের প্রথম প্রশ্নই ছিল সাকিবের চোট নিয়ে। সেই প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেছেন, ‘সাকিবের চোটের ব্যাপারে অফিশিয়ালি আমার কিছু জানা নেই। সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’
প্রথম টেস্টে ২৮০ রানের বড় ব্যবধানে হারার পর এখন সিরিজে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ দল। সেই ম্যাচের পর নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন সাকিব ফিট হয়েই নেমেছিলেন তবে বোলিংয়ের সময় ব্যথা পেয়েছেন আঙুলে।
হান্নান সরকারের কথা সূত্র ধরেই সংবাদ সম্মেলনে হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল, কানপুর টেস্টে সাকিবের খেলা, না খেলা নিয়ে। জবাবে হাথুরুসিংহে বলেছেন, ‘সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’
চেন্নাই টেস্টে কোনো বিভাগেই ভালো করতে পারেননি সাকিব। দুই ইনিংসেই ছিলেন উইকেটশূণ্য। দুই ইনিংস মিলিয়ে রান করেছেন মোট ৫৭ রান।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের প্রথম ইনিংসে ৩২ রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে আউট হন ২৫ রান করে। সংবাদ সম্মেলনে তাই হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাকিবের পারফরম্যান্সে তিনি হতাশ কি না?
উত্তর দেওয়ার আগে একটু হেসে নেন হাথুরুসিংহে, ‘আমি তার পারফরম্যান্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সেও এটা জানে যে, আরও ভালো পারফর্ম করতে পারে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’