মিডফিল্ডার মারিয়া মান্দা ও ডিফেন্ডার মাসুরা পারভীনকে নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রথম একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। সবমিলিয়ে একাদশে দুটি পরিবর্তন এনেছেন তিনি।
সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায়। গ্রুপের শেষ ম্যাচ এটি।
এক ম্যাচ হাতে থাকতেই ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশকে সেমিফাইনাল খেলতে হলে আজ শুধু হার এড়ালেই চলবে।
পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে এবারের সাফে নিজেদের মিশন করেছে ভারত। তারা প্রতিযোগিতার সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়ন। আর বাংলাদেশ এই মুহূর্তে শিরোপাধারী দল। তারা নিজেদের মিশন শুরু করেছে পাকিস্তানের বিপক্ষে ১-১ ড্র করে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের একাদশ নির্বাচন নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা হয়েছে। সিনিয়র খেলোয়াড়দের বাইরে থাকা নিয়ে খোদ দলের ভেতর থেকেই অসন্তুষ্টি প্রকাশ্যে এসেছে। এই প্রেক্ষিতে ভারত ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত মিলেছিল গতকালই। আজ হয়েছেও সেটাই।
পাকিস্তান ম্যাচে খেলা মিডফিল্ডার স্বপ্না রানীর জায়গা অভিজ্ঞ মারিয়া মান্দা ও ডিফেন্ডার কোহাতি কিসকুর জায়গায় অভিজ্ঞ মাসুরা পারভীন প্রথম একাদশে নামছেন। পাকিস্তানের বিপক্ষে মারিয়া শেষ দিকে বদলি হিসেবে নেমেছিলেন, মাসুরার মাঠে নামার সুযোগই হয়নি।
তবে এদিনও কৃষ্ণা রানী সরকার ও সানজিদা আক্তারকে প্রথম একাদশের বাইরে রেখেছেন পিটার বাটলার।
ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১১ ম্যাচে বাংলাদেশের জয় ১টি। বাকি ম্যাচগুলোর মধ্যে ড্র ১টি, হার ৯টি। একমাত্র জয়টি এসেছিল দুই বছর আগের সাফে গ্রুপ পর্বের ম্যাচে। সেই ম্যাচের পর এবারই প্রথম ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তাই তাদের সামনে জয়ের ধারা ধরে রাখার চ্যালেঞ্জ।
বাংলাদেশ একাদশ:
রুপনা চাকমা, সাবিনা খাতুন, শিউলি আযীম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র।