আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে কুঁচকির চোটে ছিটকে পড়েন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই চোটেই খেলা হচ্ছে না চলমান টেস্ট সিরিজ। সেরে উঠতে না পারায় তাকে ছাড়াই ওয়ানডে সিরিজেরও দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
টানা দ্বিতীয় সিরিজ মিস করতে যাচ্ছেন সাকিব আল হাসান। শান্তর মতো সাকিবের না থাকার খবরটিও আগেই পাওয়া গিয়েছিল। টেস্টের মতো ওয়ানডেতেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব।
ভারত সিরিজের পর সাকিব আল হাসান দেশে এসে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করলেও তা সম্ভব হয়নি। এরপর থেকে তিনি আছেন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। টানা দুই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজে না থাকায় খেলার মতো মানসিক অবস্থানে নেই এই অভিজ্ঞ অলরাউন্ডার।
তবে কেবল নাজমুল হোসেন শান্ত নয়, চোটের কারণে ছিটকে গেছেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম এবং মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ও।
দলে ফেরা আফিফ সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিলেন খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সিরিজের প্রথম ওয়ানডে ১০ ডিসেম্বর।
বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।