দলীয় বড় সংগ্রহের কারণে এবারের বিপিএল বিশেষ গুরুত্ব বহন করছে সবার কাছে। চার-ছক্কার বৃষ্টি দেখা যাচ্ছে প্রতিদিনই। মানসম্মত উইকেট তৈরির পাশাপাশি কমিয়ে আনা হয়েছে বাউন্ডারির দৈর্ঘ্য।
গতকাল এক ম্যাচে দুইবার সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড হয়েছে আর দুই ম্যাচ মিলিয়ে মোট ছয় হয়েছে ৪৫টি।
গতকাল (৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে মোট ছয় হয়েছে ৩১টি। আর দিনের অপর ম্যাচে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী ছক্কা হাঁকিয়েছে ২০টি ছক্কা।
এমন ছক্কাবৃষ্টি দর্শকরা উপভোগ করলেও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল চান বাউন্ডারি বড় করা হোক।
সিলেটের বাউন্ডারি নিয়ে আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। তামিম নিজেও উইকেটের প্রশংসা করে সমালোচনা করেছেন বাউন্ডারি সীমানার।
দুর্বার রাজশাহীর বিপক্ষে ৮৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার পর বাউন্ডারি প্রসঙ্গে তিনি বলেন, ‘যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে, তা খুব ভালো। আমি যা দেখতে চাই, তা হলো আরও বড় সীমানা। জায়গা যখন আছে, তাহলে ৫৮-৬০ গজের বাউন্ডারিতে আমরা কেন খেলছি, জানি না। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫-৭০ গজের বাউন্ডারি দেখা যায়। তখন বোলারদের জন্য কিছুটা সুযোগ থাকে।’
বাউন্ডারি বড় করার কথা বললেও প্রশংসা করেছেন উইকেটের, ‘উইকেট এবার এত ভালো যে কিউরেটরদের কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত উইকেট তৈরি করেছেন তারা। তবে উইকেট যখন এত ভালো থাকে, তখন সীমানা বাড়িয়ে দেওয়া উচিত, বিশেষ করে যদি জায়গা থাকে। তাহলে বোলারদের জন্যও সুযোগ থাকে। এই মুহূর্তে বোলারদের জন্য কিছু নেই।’
সংবাদ সম্মেলনের ফের তামিম বাউন্ডারি বড় করার কথা জানিয়ে বলেন, ‘শীর্ষ কর্তারা যারা সিদ্ধান্ত যা গ্রহণ করেন, আমার আশা ও প্রার্থনা, তারা আমার কথা শুনছেন এবং এই বাউন্ডারি আরেকটু পিছিয়ে দেবেন। কারণ জায়গা তো আছেই।’