গায়ে শেরওয়ানি, মাথায় পাগড়ি। প্রথম দেখাতেই মনে হবে নতুন বর। জামাই সেজে বিয়ে করতে যাচ্ছেন কোথাও। কিন্তু এমন সাজে যখন তাদের দেখা মেলে স্টেডিয়ামের ভরা গ্যালারিতে, বিস্ময়ের ঘোর কাটে না। বর থাকবে বিয়েবাড়িতে। তারা কেন খেলা দেখতে স্টেডিয়ামে? পাশে থাকা দর্শকদের কৌতূহল ক্রমশ বাড়তেই থাকে। পরে জানা যায় আসল কাহিনি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলছিল তখন দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের। এই সময়ই গ্যালারিতে দেখা মেলে সেই চার নতুন বর সেজে আসা সিলেট ভক্তদের। তারা চারজনই বিবাহিত। কিন্তু মাঠে খেলা দেখতে এসেছেন নতুন জামাই সেজে। কারণ বিপিএলে তাদের প্রিয় দল সিলেট স্ট্রাইকার্স বারবার হারছে। তাই সিলেটের হতাশ ভক্তদের উদ্বুদ্ধ করতেই জামাইবেশে তারা হাজির হন স্টেডিয়ামে।
এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স তিন ম্যাচ খেলে তিনটিই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। তার পরও সিলেটের মাঠে খেলা দেখতে ও সিলেট টিমকে সাপোর্ট করতে দর্শকদের কমতি নেই। প্রতিদিনই গ্যালারিতে যেমন উপচে পড়া ভিড় থাকে তেমনি মাঠের বাইরেও থাকে টিকিট না পাওয়া দর্শকদের জমায়েত।
বিপিএলের ঢাকায় প্রথম পর্ব শেষে সিলেট পর্বের খেলা শুরু হয়েছে গত ৫ জানুয়ারি থেকে। ঘরের মাঠে পরপর দুটি হার সিলেট স্ট্রাইকার্সের ঝুলিতে। তার পরও কমেনি সিলেটের দর্শকদের উন্মাদনা। খেলার মাঠে সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড়রা সাফল্য ধরে রাখতে না পারলেও গ্যালারি মাতিয়ে রেখেছেন সিলেটের দর্শকরা।
গতকাল গ্যালারির দর্শকদের মনোরঞ্জন করতে মাঠে জামাইবেশে হাজির হন সুনামগঞ্জের তিন বন্ধু তোফাজ্জল, আনোয়ার, শাবাজ ও শ্রীমঙ্গলের শ্যামল দত্ত। তারা খবরের কাগজকে বলেন, ‘আমরা বিবাহিত কিন্তু নতুন বর সেজে এসেছি দর্শকদের বিনোদন দিতে। সিলেট টিম এবার বিপিএলে হেরে আমাদের মর্মাহত করেছে। কিন্তু যেহেতু সিলেট ভেন্যুতে বিপিএল এসেছে। তাই দর্শকদের মনোরঞ্জন করতে আমরা এই সাজে এসেছি।’
এদিকে বর সাজা এই দর্শকদের দেখে গ্যালারিতে থাকা অন্য দর্শকরাও মুগ্ধ। তাদের সঙ্গে ছবি-ভিডিওর জন্য ভিড় করছেন অন্য দর্শকরা। বিভিন্ন সংবাদমাধ্যম তাদের এই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন।