ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রোহিত শর্মার। অস্ট্রেলিয়ার মাটিতে ৩-১ ব্যবধানে বর্ডার-গাভাস্কার ট্রফিতে পরাজিত হয়েছে তার দল। সেই সিরিজের ব্যর্থ ছিলেন তিনি ব্যাট হাতে।
রোহিতের ফর্মহীনতা বজায় রয়েছে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়েও। দীর্ঘদিন পর এই টুর্নামেন্টে খেলতে নেমে করেছেন মাত্র ৩ রান। তার মতো ব্যর্থ হয়েছেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালও। এই দুই ব্যাটার করেছেন সমান ৪ রান করে।
জম্মু-কাশ্মীরের মুখোমুখি হয়েছিল মুম্বাই শারদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। সে ম্যাচে মুম্বাইয়ের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। তারকাহীন জম্মু-কাশ্মীরের বোলিং আক্রমণের সামনেও দাঁড়াতে পারেনি রোহিত ও জয়সওয়াল।
প্রথমে আউট হন জয়সওয়াল আকিব নবির বলে এলবিডব্লিউ হয়ে। এরপর উমরান নাজিরের বলে ক্যাচ দিয়ে ফেরেন ১৯ বলে ৩ রান করা রোহিত।
অন্যদিকে, ভারতের জাতীয় দলের আরেক ব্যাটার শুভমান গিলও ব্যর্থ হয়েছেন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্নাটকের বিপক্ষে ম্যাচে। পাঞ্জাবের হয়ে ওপেন করতে নেমে ৮ বলে ৪ রান করে ফিরেছেন সাজঘরে।