ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে হাইতিকে সহজেই পরাজিত করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেলেকাওরা। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয় নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ডান পায়ের কাফ ইনজুরি থেকে সেরে ওঠা নেইমার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত থাকবেন।
কোচ বলেন, ‘নেইমার আগামীকাল ব্যক্তিগতভাবে অনুশীলন করবেন এবং সোমবার থেকে দলের সঙ্গে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত থাকবেন।’
চলতি বিশ্বকাপে এখনো মাঠে নামার সুযোগ হয়নি নেইমারের। ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা এই তারকাকে সতর্কতার সঙ্গে দলের মূল অনুশীলনে ফিরিয়ে আনা হচ্ছে।
হাইতির বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন আনচেলত্তি। তবে দ্বিতীয়ার্ধে দলের খেলার তীব্রতা কিছুটা কমে যাওয়ার বিষয়টিও স্বীকার করেছেন তিনি।
ব্রাজিল কোচ বলেন, ‘প্রথমার্ধে আমরা খুব ভালো খেলেছি। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছি এবং আরও গোল করতে পারতাম। সামগ্রিকভাবে এটি ভালো একটি ম্যাচ ছিল। দ্বিতীয়ার্ধে আমরা আরও বেশি তীব্রতা নিয়ে খেলতে পারতাম। তবে বিশ্বকাপের মতো আসরে কখনো কখনো পরবর্তী ম্যাচের কথাও মাথায় রাখতে হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা খেলার মান উন্নত করতে পেরেছি, ভুল কম করেছি এবং ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছি। রক্ষণভাগও ভালো খেলেছে। উন্নতি হয়েছে, কিন্তু সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নকআউট পর্বের জন্য নিজেদের সেরা অবস্থানে নিয়ে যেতে গ্রুপ পর্বকে কাজে লাগাতে হবে।’
মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে থাকা মাথেউস কুনিয়া হাইতির বিপক্ষে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ইগর থিয়াগোর পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
কুনিয়ার সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে মাথেউসের অবস্থান খুব কার্যকর ছিল। সে দারুণভাবে বক্সে ঢুকেছে এবং সুযোগ কাজে লাগিয়েছে। আমি আগেও বলেছি, সে আমাদের জন্য বড় একটি বিকল্প।’
পাপ্পু/নাঈম