সবশেষ বিপিএলে পারিশ্রমিক নিয়ে নয়ছয়ের কথা সবারই জানা। বিশেষ করে দুর্বার রাজশাহীর বারবার চেক বাউন্স নিয়ে কম নাটক হয়নি। এবার সেই পারিশ্রমিকের ঝামেলা দেখা দিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগেও।
পারিশ্রমিকের টাকা বুঝে না পাওয়ায় বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে পারটেক্স ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বরাবর একটি চিঠি দিয়েছেন ক্লাবটির ক্রিকেটাররা।
বিসিবির প্রধান নির্বাহীকে না পেয়ে সেই চিঠি বোর্ডের পরিচালন নাজমুল আবেদীন ফাহিমের কাছে জমা দিতে যান ক্রিকেটাররা। এরপর সেখান থেকে সিইওর অফিসে জমা দিয়ে আসেন তারা।
সকাল থেকেই পারটেক্সের ক্রিকেটারদের অনুশীলন বর্জনের খবর ছড়িয়ে পড়ে। মাত্র ৩-৪ জনকে দেখা যায় জার্সি গায়ে অনুশীলন করতে। বাকি সবাই জিমে দুপুর পর্যন্ত অপেক্ষা করছিলেন পারিশ্রমিকের আশ্বাসের আশায়।
দুপুর পর্যন্ত কোনো আশ্বাস না পাওয়ায় বিসিবিতে যান খেলোয়াড়েরা। তাদের মধ্যে ছিলেন সাব্বির রহমান ও মুক্তার আলীর মতো পরিচিত মুখও।