বোলারদের নৈপুণ্যে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ১৪৭ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দাপট দেখিয়ে জয় আদায় করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল।
সোমবার (৫ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পোঁছে যায় ৭ উইকেট হাতে রেখে নুরুল হাসান সোহানরা।
লক্ষ্য তাড়া করতে নাইম শেখ ও পারভেজ হোসেন ইমনের ওপেনিং জুটি হয় ৩০ রানের। ৬ চারে ১২ বলে ২৪ রান করে ক্রিস্টিয়ান ক্লার্কের বলে ফক্সক্রফটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইমন দলীয় ৩০ রানে।
আরেক ওপেনার নাইম শেখও ফেরেন ১৮ রান করে। দলের রান যখন ৫৩ সেই ক্লার্কের বলেই লেনক্সের হাতে ক্যাচ দিয়ে আউট হন নাইম। তার বিদায়ে দ্বিতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের।
এরপর ৫৫ রানের জুটি হয় এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলামের অঙ্কনের মধ্যে। কিন্তু দলীয় ১০৮ রানে ফক্সক্রফটের বলে সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হন ৪৪ বলে ৩৮ রান করা বিজয়।
জয় থেকে তখনও ৪০ রান দূরে বাংলাদেশ ‘এ’ দল। তবে সেই জয় আদায় করে নিতে দূর্ভোগ পোহাতে হয়নি অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের। ২৭.২ ওভারে ৭ উইকেটের জয় আদায় করে নেয় এই জুটি।
এই দুই ব্যাটারের জুটি হয় ৪১ রানের। অধিনায়ক নুরুল হাসান সোহান জয়সুচক শটটি খেলেন। তিনি ২০ ও মাহমুদুল ইসলাম অঙ্কন অপরাজিত ছিলেন ৪২ রানে।