ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরপরই ঘোষণা দিয়েছেন সেই সংস্করণ থেকে অবসরেরও। বিরাট কোহলির দেখাদেখি সেই পথ ধরেছিলেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজাও। তিন দিন আগে টেস্ট ছেড়েছেন রোহিত শর্মা।
আগেরবার কোহলির পথে রোহিত হাঁটলেও এবার রোহিতের পথে হাঁটতে যাচ্ছেন কোহলি। বিসিসিআইকেও নাকি কোহলি জানিয়ে দিয়েছেন তার অবসরের সিদ্ধান্ত। এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।’
তবে এ নিয়ে এখন পর্যন্ত কোহলি কিংবা ভারতের ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ভারতের ক্রিকেটের এই বড় তারকাকে নাকি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহবান জানিয়েছে বিসিসিআই।
রোহিতের পর কোহলিও টেস্ট থেকে অবসর নিলে ভারতের ব্যাটিং লাইনআপ তারুণ্যনির্ভর হয়ে পড়বে। যদিও দলটির পাইপলাইন যথেষ্ট শক্তিশালী। এরপরও অভিজ্ঞ ক্রিকেটারদের যেকোনো বোর্ডই ধরে রাখতে চায়।
এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘তিনি (কোহলি) মনস্থির করে ফেলেছেন এবং টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন বোর্ডকে। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে তাকে আবারও বিষয়টি ভাবতে বলেছে বিসিসিআই। এরপর আর নতুন করে কিছু জানাননি কোহলি।’
অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত এবং কোহলি দুজনই ভুগছিলেন ফর্মের সঙ্গে। তখন বেশ সমালোচনাও হয়েছে দুজনের। কোহলি আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দিয়ে দিলে অভিজ্ঞতার সংকটে পড়বে ভারত।
৩৬ বছর বয়সী এই তারকা আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২৩টি টেস্ট খেলেছেন। যেখানে ভারতের জার্সিতে তিনি ৪৬.৮৫ গড়ে করেছেন ৯২৩০ রান। করেছেন ৩০ সেঞ্চুরি ও ৩১ হাফসেঞ্চুরি।